রবিবার, ৩০ আগস্ট
যিহোবা সেই ব্যক্তিদের কাছে থাকেন, যাদের মন ভেঙে গিয়েছে।—গীত. ৩৪:১৮, NW.
অন্যেরা হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, কিন্তু নিশ্চিত থাকুন যে, যিহোবা আপনাকে ভালোবাসেন এবং আপনি তাঁর চোখে অনেক মূল্যবান। আপনার হৃদয় যদি “চূর্ণবিচূর্ণ” হয়ে গিয়ে থাকে, তা হলে মনে রাখুন যে, যিহোবা আপনার মধ্যে ভালো কিছু দেখেছেন বলেই আপনাকে তাঁর প্রতি আকর্ষণ করেছেন। (যোহন ৬:৪৪) তিনি আপনাকে অনেক ভালোবাসেন আর সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। যিশু লোকদের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন, সেখান থেকে আমরা বুঝতে পারি যে, যিহোবা আমাদের কতটা মূল্যবান হিসেবে দেখেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন, সেইসময় কিছু লোককে নীচু চোখে দেখা হত এবং লোকেরা তাদের অপমান করত। কিন্তু, যিশু তাদের সঙ্গে প্রেম সহকারে আচরণ করেছিলেন এবং করুণা দেখিয়েছিলেন। (মথি ৯:৯-১২) যেমন, একবার একজন মহিলা যিশুর কাছে এসেছিলেন, যার এক গুরুতর রোগ ছিল। তিনি সুস্থ হতে চেয়েছিলেন আর তাই তিনি যিশুর কাপড় স্পর্শ করেছিলেন এবং সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু, যিশু তার উপর রেগে যাননি বরং তাকে আশ্বস্ত করেছিলেন এবং তার বিশ্বাসের কারণে তাকে প্রশংসা করেছিলেন। (মার্ক ৫:২৫-৩৪) যিশু একেবারে তাঁর পিতার মতো। (যোহন ১৪:৯) তাই, আমরা যিশুর বিষয়ে পড়ার মাধ্যমে এটা জানতে পারব, যিহোবা আমাদের সম্বন্ধে কেমন অনুভব করেন। আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবার চোখে আমরা অনেক মূল্যবান এবং তিনি আমাদের মধ্যে ভালো বিষয়গুলো লক্ষ করেন। তিনি দেখেন, আমাদের বিশ্বাস কতটা দৃঢ় আর আমরা তাঁকে কতটা ভালোবাসি। প্রহরীদুর্গ ২৪.১০ ৭ অনু. ৪-৫
সোমবার, ৩১ আগস্ট
দয়া করে আমার চোখের জল তোমার কুপায় ভরে রাখো।—গীত. ৫৬:৮, NW.
দায়ূদের জীবনে অনেক সমস্যা এসেছিল এবং তিনি অনেক বার চোখের জল ফেলেছিলেন। অনেক লোক তাকে ঘৃণা করত এবং তার পরিবার ও বন্ধুরাও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। (১ শমূ. ১৯:১০, ১১; ২ শমূ. ১৫:১০-১৪, ৩০) দায়ূদ একবার এতটাই দুঃখে ভেঙে পড়েছিলেন যে তিনি বলেছিলেন: “দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সারারাত ধরে আমি আমার চোখের জলে আমার বিছানা ভেজাই, আমি কেঁদে কেঁদে আমার খাট ভাসিয়ে দিই। (গীত. ৬:৬ NW) দায়ূদের জীবনে অনেক সমস্যা এসেছিল, কিন্তু তার এই আস্থা ছিল যে, যিহোবা তাকে ভালোবাসেন এবং তিনি তার সঙ্গে রয়েছেন। তিনি লিখেছিলেন, “যিহোবা আমার কান্নার আওয়াজ অবশ্যই শুনবেন।” (গীত. ৬:৮) আজকের শাস্ত্রপদের কথাগুলো থেকে জানতে পারি, যিহোবা আমাদের কতটা ভালোবাসেন এবং তিনি আমাদের জন্য কতটা চিন্তা করেন। দায়ূদ বলেছিলেন যে, যিহোবা যেন তার চোখের জল একটা বোতলে ধরে রেখেছেন এবং তার প্রতিটা চোখের জলের হিসেব একটা বইয়ে লিখে রেখেছেন। দায়ূদের পুরো আস্থা ছিল যে, যিহোবা তার প্রতি মনোযোগ দিচ্ছেন এবং যিহোবা জানেন যে, তিনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। শুধু তা-ই নয়, যিহোবা এটাও জানেন, এই সমস্ত কিছুর কারণে তিনি কেমন অনুভব করছেন। প্রহরীদুর্গ ২৪.১২ ২২ অনু. ১১-১২
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর
সবসময় নিজেদের পরীক্ষা করে দেখো, তোমরা বিশ্বাসে আছ কি না।—২ করি. ১৩:৫.
পরিপক্ব হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। তবে, পরিপক্ব হয়ে থাকার জন্যও আমাদের প্রচেষ্টা করে চলতে হবে। আমাদের কখনোই চিন্তা করা উচিত নয়, ‘যিহোবার সঙ্গে আমার সম্পর্ক তো ভালোই আছে, তাই আমাকে আর প্রচেষ্টা করতে হবে না।’ (১ করি. ১০:১২) এর পরিবর্তে, আমাদের সবসময় নিজেদের “পরীক্ষা” করতে হবে এবং যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে ক্রমাগত মজবুত করতে হবে। কলসীর খ্রিস্টানদের কাছে চিঠি লেখার সময়ে প্রেরিত পৌল আবারও পরিপক্ব হয়ে থাকার উপর জোর দিয়েছিলেন। সেখানকার ভাই-বোনেরা ইতিমধ্যে পরিপক্ব ছিল, কিন্তু পৌল তাদের সাবধান করেছিলেন যেন তারা জগতের লোকদের মতো চিন্তা করা শুরু না করে। (কল. ২:৬-১০) তার চিঠিতে পৌল ইপাফ্রা সম্বন্ধে উল্লেখ করেছিলেন, যিনি হয়তো সেখানকার ভাই-বোনদের খুব ভালোভাবে জানতেন। পৌল লিখেছিলেন, ইপাফ্রা তাদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন যেন তারা “দৃঢ়” বা পরিপক্ব হয়ে থাকতে পারে। (কল. ৪:১২) পৌল ও ইপাফ্রার কাছ থেকে আমরা কী শিখি? আমরা শিখি যে, পরিপক্ব হয়ে থাকার জন্য আমাদের ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইতে হবে, তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও প্রচেষ্টা করতে হবে। পৌল ও ইপাফ্রা এই বিষয়টা জানতেন, তাই তারা চেয়েছিলেন যেন কলসীর ভাই-বোনেরা সমস্যা সত্ত্বেও পরিপক্ব হয়ে থাকার জন্য প্রচেষ্টা করে চলে। প্রহরীদুর্গ ২৪.০৪ ৬ অনু. ১৬-১৭