ওবদিয়
১ ওবদিয়ের* দর্শন:
নিখিলবিশ্বের প্রভু যিহোবা ইদোমের বিষয়ে এই কথা বলেন:
“আমরা যিহোবার কাছ থেকে একটা খবর শুনেছি,
একজন বার্তাবাহককে জাতিগুলোর কাছে পাঠানো হয়েছে, যাতে সে তাদের বলে:
‘ওঠো, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হই।’”
২ “দেখো! আমি তোমাকে জাতিগুলোর মাঝে মূল্যহীন করে তুলেছি,
তোমাকে পুরোপুরিভাবে তুচ্ছ করা হয়েছে।
৩ তুমি, যে শৈলের ফাটলে বাস কর,
তুমি, যে অনেক উঁচুতে বাস কর এবং মনে মনে বল,
‘কে আমাকে মাটিতে নামিয়ে আনবে?’
তোমার দুঃসাহসী হৃদয় তোমাকে বোকা বানিয়েছে।
৪ তুমি যদি এমনকী ঈগলের মতো অনেক উঁচুতে তোমার বাসস্থান তৈরি কর*
কিংবা তারাগুলোর মাঝে তোমার বাসা তৈরি কর,
তারপরও আমি সেখান থেকে তোমাকে নীচে নামিয়ে আনব।” যিহোবা এই কথা ঘোষণা করেছেন।
৫ “যদি তোমার কাছে চোর আসে, রাতের বেলায় ডাকাত আসে,
তা হলে তারা কি ততটা জিনিসই নিয়ে যাবে না, যতটা তারা নিতে চায়?
কিংবা যদি আঙুর সংগ্রহকারীরা তোমার কাছে আসে,
তা হলে তারা কি সেই ব্যক্তিদের জন্য কিছুটা আঙুর ছেড়ে যাবে না, যারা কুড়োতে আসে?
(কিন্তু, তোমাকে তো পুরোপুরিভাবে ধ্বংস করা হবে!)*
৬ কীভাবে এষৌকে তন্নতন্ন করে খোঁজা হয়েছে!
কীভাবে তার গুপ্তধন খুঁজে বের করা হয়েছে!
৭ তুমি যাদের সঙ্গে জোট বেঁধেছিলে,*
তারা সবাই তোমার সঙ্গে প্রতারণা করেছে।
তারা তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে দিয়েছে।
যাদের সঙ্গে তোমার শান্তিপূর্ণ সম্পর্ক ছিল, তারা তোমাকে দমন করেছে।
যারা তোমার সঙ্গে রুটি খায়, তারা তোমার জন্য ফাঁদ পাতবে,
কিন্তু তুমি বুঝতে পারবে না।”
৮ যিহোবা ঘোষণা করেন,
“সেই দিন আমি ইদোমের বিজ্ঞ লোকদের
এবং এষৌর পার্বত্য এলাকার বিচক্ষণ লোকদের ধ্বংস করে দেব।
৯ হে তৈমন, তোমার যোদ্ধারা আতঙ্কিত হয়ে পড়বে
কারণ এষৌর পার্বত্য এলাকার প্রত্যেককে মেরে ফেলা হবে।
১০ যেহেতু তুমি তোমার ভাই যাকোবের প্রতি দৌরাত্ম্যপূর্ণ কাজ করেছ,
তাই তুমি খুবই লজ্জিত হবে
আর তুমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
১১ যে-দিন অপরিচিত লোকেরা তার সেনাবাহিনীকে বন্দিত্বে নিয়ে গেল,
যখন বিদেশিরা তার দরজা দিয়ে ঢুকে জেরুসালেমের জন্য ঘুঁটি* চালল,
সেই দিন তুমি একপাশে দাঁড়িয়ে শুধু দেখতে থাকলে,
তুমি এমন আচরণ করলে, যেন তুমি তাদেরই একজন।
১২ নিজের ভাইয়ের দুর্দশার দিনে তোমার উল্লাস করা একদম ঠিক হয়নি,
যিহূদার লোকদের বিনাশের দিনে তোমার আনন্দ করা একদম ঠিক হয়নি,
তাদের বিপদের দিনে তোমার এত অহংকারে পূর্ণ কথা বলা একদম ঠিক হয়নি।
১৩ আমার লোকদের বিপর্যয়ের দিনে তোমার তাদের দরজা দিয়ে ভিতরে ঢোকা একদম ঠিক হয়নি,
তার বিপর্যয়ের দিনে তোমার তার বিপদ নিয়ে উল্লাস করা একদম ঠিক হয়নি,
তার বিপর্যয়ের দিনে তোমার তার ধনসম্পদে হাত দেওয়া একদম ঠিক হয়নি।
১৪ তার পালিয়ে যাওয়া ব্যক্তিদের মেরে ফেলার জন্য তোমার চৌরাস্তাগুলোতে দাঁড়িয়ে থাকা একদম ঠিক হয়নি
আর বিপর্যয়ের দিনে তোমার তার রক্ষা পাওয়া লোকদের শত্রুদের হাতে তুলে দেওয়া একদম ঠিক হয়নি।
১৫ কারণ সমস্ত জাতির বিরুদ্ধে যিহোবার দিন কাছে এসে গিয়েছে।
তুমি যেমনটা করেছ, তোমার প্রতিও তেমনটাই করা হবে।
তুমি লোকদের প্রতি যেমন আচরণ করেছ, তোমার প্রতিও লোকেরা তেমন আচরণই করবে।
১৬ কারণ ঠিক যেভাবে তোমরা আমার পবিত্র পর্বতে দ্রাক্ষারস* পান করেছ,
সেভাবেই সমস্ত জাতি আমার ক্রোধের দ্রাক্ষারস* পান করতে থাকবে।
তারা সেটা পান করবে, তারা ঢক ঢক করে সেই দ্রাক্ষারস* পান করবে
আর তাদের অবস্থা এমন হবে যেন তারা কখনো অস্তিত্বেই ছিল না।
১৭ কিন্তু, সিয়োন পর্বতে সেই ব্যক্তিরা থাকবে, যারা বেঁচে যাবে
আর সেটা পবিত্র হবে।
যাকোবের পরিবার সেই জিনিসগুলো আবার দখল করে নেবে, যেগুলো তাদেরই ছিল।
১৮ যাকোবের পরিবার আগুন হয়ে উঠবে
এবং যোষেফের পরিবার আগুনের শিখা হয়ে উঠবে
আর এষৌর পরিবার শুকনো ঘাসের মতো হয়ে যাবে।
তারা তাদের পুড়িয়ে ছারখার করে দেবে
আর এষৌর পরিবারের কেউ রক্ষা পাবে না
কারণ যিহোবা নিজে এই কথা বলেছেন।
তারা ইফ্রয়িম ও শমরিয়ার এলাকা দখল করে নেবে
আর বিন্যামীন গিলিয়দ দখল করে নেবে।
২০ এই সুরক্ষাকারী ঢালু ঢিবির* বন্দিরা,
ইজরায়েলের লোকেরা কনানীয়দের দেশ থেকে শুরু করে সারিফৎ পর্যন্ত বিস্তৃত এলাকা দখল করে নেবে।
আর জেরুসালেমের বন্দিত্বে থাকা লোকেরা, যারা সফারদে ছিল, তারা নেগেবের নগরগুলো দখল করবে।
২১ আর উদ্ধারকর্তারা এষৌর পার্বত্য এলাকার বিচার করার জন্য
সিয়োন পর্বতে উঠবে
আর রাজত্ব যিহোবার হবে।”