বুধবার, ৮ জুলাই
যে-পুরুষেরা উত্তমভাবে সেবা করেন, তারা নিজেদের জন্য সুনাম অর্জন করেন এবং খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসের বিষয়ে নির্দ্বিধায় কথা বলতে পারেন।—১ তীম. ৩:১৩.
পরিচারক দাসেরা হল বাপ্তাইজিত ভাই, যাদের পবিত্র শক্তির মাধ্যমে নিযুক্ত করা হয়। তারা মণ্ডলীর বিভিন্ন কাজ করার ক্ষেত্রে প্রাচীনদের সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পরিচারক দাসদের যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক থাকে। তারা যিহোবাকে ভালোবাসে এবং তাঁর ধার্মিক মান অনুযায়ী জীবনযাপন করে। এ ছাড়া, তারা মণ্ডলীর ভাই-বোনদেরও হৃদয় থেকে ভালোবাসে। (মথি ২২:৩৭-৩৯) তা হলে, কীভাবে একজন বাপ্তাইজিত ভাই পরিচারক দাস হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারেন? বাইবেলে স্পষ্টভাবে বলা হয়েছে, একজন ভাই যদি পরিচারক দাস হতে চান, তা হলে তাকে কোন যোগ্যতাগুলো পূরণ করতে হবে। (১ তীম. ৩:৮-১০, ১২) আপনিও যদি একজন পরিচারক দাস হতে চান, তা হলে এই যোগ্যতাগুলো নিয়ে ভালোভাবে অধ্যয়ন করুন এবং এগুলো পূরণ করার জন্য প্রাণপণ প্রচেষ্টা করুন। কিন্তু, সবচেয়ে প্রথমে আপনাকে এই বিষয়ে চিন্তা করতে হবে যে, কেন আপনি একজন পরিচারক দাস হতে চান। প্রহরীদুর্গ ২৪.১১ ১৪-১৫ অনু. ৪-৫
বৃহস্পতিবার, ৯ জুলাই
তোমরা . . . তা মানুষের বাক্য হিসেবে নয়, বরং ঈশ্বরের বাক্য হিসেবেই গ্রহণ করেছিলে। আর সত্যিই তা ঈশ্বরের বাক্য।—১ থিষল. ২:১৩.
কিছু লোক বলে, তারা অনেক বার বাইবেল পড়েছে। কিন্তু, তারা কি সত্যিই বাইবেলে লেখা কথাগুলো বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে? দুঃখের বিষয় যে, বেশিরভাগ লোক এটা করে না। কিন্তু, যিহোবার লোকেরা জগতের লোকদের চেয়ে একেবারে আলাদা। তারা বাইবেলের সঙ্গে মিল রেখে কাজ করার জন্য পুরোপুরি প্রচেষ্টা করে। কিন্তু, ঈশ্বরের বাক্য পড়া এবং সেই অনুযায়ী কাজ করা সবসময় সহজ নয়। প্রতিদিন বাইবেল পড়ার জন্য সময় বের করা কঠিন হতে পারে। আর তাই হতে পারে আমরা তাড়াহুড়ো করে বাইবেল পড়ি আর যা পড়ছি, তা নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য সময় দিই না। আর এটা ভেবেও আমরা চিন্তিত হয়ে পড়ি যে, আমাদের অনেক বিষয়ে উন্নতি করতে হবে। এই প্রতিদ্বন্দ্বিতাগুলো আপনার কাছে পাহাড়ের মতো মনে হতে পারে। কিন্তু, যিহোবার সাহায্যে আপনি সেগুলো অতিক্রম করতে পারবেন। তাই, আমরা যেন বাক্যের সঙ্গে মিল রেখে কাজ করি। মনে রাখুন, আমরা যতবেশি ঈশ্বরের বাক্য পড়ব এবং সেই অনুযায়ী কাজ করব, ততবেশি আনন্দিত থাকতে পারব।—যাকোব ১:২৫. প্রহরীদুর্গ ২৪.০৯ ৭ অনু. ১৫-১৬
শুক্রবার, ১০ জুলাই
চাইতে থাকো, তা হলে তোমাদের দেওয়া হবে।—লূক ১১:৯.
আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়ি, তখন যিহোবা তাঁর পবিত্র শক্তির মাধ্যমে আমাদের সান্ত্বনা দেন। আপনি যদি এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যেটার কারণে আপনি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছেন, তা হলে হৃদয় উজাড় করে যিহোবার সঙ্গে কথা বলুন। যতক্ষণ না আপনার মন শান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁর কাছে প্রার্থনা করে চলুন। (গীত. ৮৬:৩; ৮৮:১) তাঁর কাছে বার বার পবিত্র শক্তি চান। তিনি নিশ্চয়ই আপনার প্রার্থনা শুনবেন। আপনি কি কোনো বড়ো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন? এই ক্ষেত্রে যিহোবা আপনাকে তাঁর পবিত্র শক্তি দিতে পারেন, যাতে আপনি তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে পারেন এবং তাঁর সেবা করে চলতে পারেন। (ইফি. ৩:১৬) যিহোবার কাছ থেকে পবিত্র শক্তি চাওয়ার পর আমরা কী করতে পারি? এমন কাজগুলো করুন, যার ফলে আপনি আরও বেশি পবিত্র শক্তি পেতে পারেন। যেমন সভাতে যান, অন্যদের কাছে প্রচার করুন, প্রতিদিন বাইবেল পড়ুন এবং আপনার হৃদয়কে যিহোবার বাক্য দ্বারা পূর্ণ করুন। (ফিলি. ৪:৮, ৯) বাইবেলে বলা সেই ব্যক্তিদের বিষয়ে গভীরভাবে চিন্তা করুন, যারা বিভিন্ন সমস্যা সহ্য করেছিল এবং এই বিষয়েও চিন্তা করুন যে, যিহোবা কীভাবে তাদের সাহায্য করেছিলেন। প্রহরীদুর্গ ২৪.১০ ৯ অনু. ১২-১৪