দানিয়েল
৬ দারিয়াবস ঠিক করলেন, তিনি পুরো রাজ্যের উপর ১২০ জন সুবেদারকে নিযুক্ত করবেন। ২ এই সুবেদারদের উপর তিন জন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এই তিন জনের মধ্যে একজন ছিলেন দানিয়েল। সুবেদারেরা তাদের সমস্ত কিছুর খবর দিতেন, যাতে রাজার কোনো ক্ষতি না হয়। ৩ দানিয়েল অন্য উচ্চপদস্থ কর্মচারীদের ও সুবেদারদের চেয়ে আলাদা বলে প্রমাণিত হলেন কারণ তার অসাধারণ যোগ্যতা ছিল। আর রাজা ঠিক করলেন যে, তিনি তাকে পুরো রাজ্যের উপর আরও উচ্চপদ দেবেন।
৪ সেইসময় উচ্চপদস্থ কর্মচারীরা ও সুবেদারেরা দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ করার জন্য রাজ্যের কাজকর্মের বিষয়ে তার মধ্যে দোষ খুঁজতে লাগলেন। কিন্তু, তারা তার বিরুদ্ধে অভিযোগ করার কোনো ভিত্তি খুঁজে পেলেন না কিংবা কোনো দুর্নীতির প্রমাণ পেলেন না কারণ তিনি নির্ভরযোগ্য ছিলেন আর তিনি কোনো কাজে গাফিলতি করতেন না কিংবা কোনো দুর্নীতিমূলক কাজ করতেন না। ৫ সেই লোকেরা বললেন: “আমরা এই দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ করার কোনো ভিত্তিই খুঁজে পাব না। আমাদের তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য তার ঈশ্বরের আইনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু-একটা খুঁজে বের করতে হবে।”
৬ তাই, সেই উচ্চপদস্থ কর্মচারীরা ও সুবেদারেরা দল বেঁধে রাজার কাছে গেলেন আর তাকে বললেন: “হে রাজা দারিয়াবস, আপনি চিরকাল বেঁচে থাকুন। ৭ সমস্ত রাজকর্মচারী, অধ্যক্ষ, সুবেদার, উচ্চপদস্থ রাজকর্মচারী ও রাজ্যপাল একসঙ্গে মিলে আলোচনা করেছে যেন একটা রাজকীয় আদেশ ও নিষেধাজ্ঞা জারি করা হয় যে, ৩০ দিন পর্যন্ত কেউ যদি আপনাকে ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে, তা হলে হে রাজা, তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। ৮ তাই হে রাজা, এখন আপনি আদেশটা জারি করুন এবং সেটাতে সই করুন, যাতে সেটাকে পরিবর্তন করা না যায় কারণ মাদীয় ও পারসিকদের আইন বাতিল করা যায় না।”
৯ তখন রাজা দারিয়াবস সেই আদেশ ও নিষেধাজ্ঞায় সই করলেন।
১০ এই আদেশে যে সই করা হয়েছে, তা জানার সঙ্গেসঙ্গে দানিয়েল নিজের বাড়ি গেলেন। তার বাড়ির উপরের ঘরের জানালাগুলো জেরুসালেমের দিকে খোলা ছিল। আর তিনি দিনে তিন বার হাঁটু গেড়ে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং তাঁর প্রশংসা করলেন, ঠিক যেমনটা তিনি এর আগেও নিয়মিতভাবে করতেন। ১১ ঠিক সেই মুহূর্তেই সেই লোকেরা ভিতরে ঢুকে পড়লেন আর দেখলেন যে, দানিয়েল তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং তাঁর কাছে অনুগ্রহ চাইছেন।
১২ তখন তারা রাজার কাছে গেলেন এবং তাকে রাজকীয় নিষেধাজ্ঞার বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে বললেন: “হে রাজা, আপনি কি এমন এক নিষেধাজ্ঞায় সই করেননি, যেখানে বলা হয়েছিল যে, ৩০ দিন পর্যন্ত কেউ যদি আপনাকে ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে, তা হলে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে?” রাজা বললেন: “এই বিষয়টা মাদীয় ও পারসিকদের আইন অনুযায়ী স্থির করা হয়েছে, যেটা বাতিল করা যায় না।” ১৩ তারা সঙ্গেসঙ্গে রাজাকে বললেন: “হে রাজা, দানিয়েল, যে যিহূদার বন্দিদের একজন, সে আপনার প্রতি এবং আপনি যে-নিষেধাজ্ঞায় সই করেছিলেন, সেটার প্রতি কোনো সম্মান দেখায়নি। সে দিনে তিন বার প্রার্থনা করে।” ১৪ এই কথা শোনামাত্রই রাজা খুবই দুঃখিত হয়ে পড়লেন আর তিনি দানিয়েলকে উদ্ধার করার উপায় খুঁজতে লাগলেন। সূর্যাস্তের সময় পর্যন্ত তিনি দানিয়েলকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের চেষ্টা করলেন। ১৫ শেষে, সেই ব্যক্তিরা দল বেঁধে রাজার কাছে গেলেন আর তাকে বললেন: “হে রাজা, মনে রাখবেন, মাদীয় ও পারসিকদের আইন হল রাজা যে-নিষেধাজ্ঞা ও আদেশ জারি করেন, সেটা পরিবর্তন করা যায় না।”
১৬ তাই, রাজা আদেশ দিলেন আর তারা দানিয়েলকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিলেন। রাজা দানিয়েলকে বললেন: “তুমি সবসময় যে-ঈশ্বরের সেবা কর, তোমার সেই ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন।” ১৭ তারপর, একটা পাথর আনা হল আর সেটাকে গর্তের মুখে রেখে দেওয়া হল। আর রাজা নিজের সিলমোহর দেওয়ার আংটি দিয়ে এবং গণ্যমান্য লোকদের সিলমোহর দেওয়ার আংটি দিয়ে সেটাতে সিলমোহর দিলেন, যাতে দানিয়েলের বিষয়ে যে-সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ব্যাপারে কোনো পরিবর্তন করা না যায়।
১৮ তারপর, রাজা নিজের প্রাসাদে চলে গেলেন। তিনি সারারাত কিছুই খেলেন না এবং সমস্ত রকম বিনোদন প্রত্যাখ্যান করলেন* আর তিনি ঘুমোতে পারলেন না।* ১৯ পরে, ভোরের প্রথম আলো ফোটার সঙ্গেসঙ্গে রাজা উঠে পড়লেন এবং তাড়াতাড়ি সিংহের গর্তের কাছে গেলেন। ২০ তিনি গর্তের কাছে পৌঁছে দুঃখের সঙ্গে দানিয়েলকে ডেকে বললেন: “হে দানিয়েল, জীবন্ত ঈশ্বরের দাস, তুমি সবসময় যে-ঈশ্বরের সেবা কর, তোমার সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে উদ্ধার করতে পেরেছেন?” ২১ সঙ্গেসঙ্গে দানিয়েল রাজাকে বললেন: “হে রাজা, আপনি চিরকাল বেঁচে থাকুন। ২২ আমার ঈশ্বর তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছিলেন আর তারা আমার কোনো ক্ষতি করেনি কারণ তাঁর চোখে আমি নির্দোষ। আর হে রাজা, আমি আপনার বিরুদ্ধেও কোনো অপরাধ করিনি।”
২৩ রাজা খুবই আনন্দিত হলেন আর তিনি আদেশ দিলেন যেন দানিয়েলকে গর্ত থেকে তুলে আনা হয়। যখন দানিয়েলকে গর্ত থেকে তোলা হল, তখন দেখা গেল, তার কোনো ক্ষতি হয়নি কারণ তিনি তার ঈশ্বরের উপর আস্থা রেখেছিলেন।
২৪ তারপর, রাজা আদেশ দিলেন আর যে-ব্যক্তিরা দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ* করেছিল, তাদের নিয়ে আসা হল আর তাদেরকে এবং তাদের স্ত্রী ও সন্তানদের সিংহের গর্তে ফেলে দেওয়া হল। তারা গর্তের তলা পর্যন্ত পৌঁছোনোর আগেই সিংহগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাদের হাড়গোড় ভেঙে দিল।
২৫ তারপর, রাজা দারিয়াবস সারা পৃথিবীতে বসবাসকারী সমস্ত জাতি ও ভাষার লোককে এই বার্তা লিখে পাঠালেন: “তোমাদের প্রচুর শান্তি হোক! ২৬ আমি আমার রাজ্যের সমস্ত এলাকার লোকদের জন্য একটা আদেশ জারি করছি যে, লোকেরা যেন দানিয়েলের ঈশ্বরের সামনে ভয়ে কাঁপে। কারণ তিনি জীবিত ঈশ্বর এবং তিনি চিরস্থায়ী। তাঁর রাজ্য কখনো ধ্বংস হবে না এবং তাঁর শাসন* অনন্তকালস্থায়ী। ২৭ তিনি উদ্ধার করেন, তিনি রক্ষা করেন, তিনি আকাশে ও পৃথিবীতে চিহ্ন দেখান এবং আশ্চর্যজনক কাজ করেন। তিনি দানিয়েলকে সিংহের থাবা থেকে উদ্ধার করেছেন।”
২৮ এভাবে দানিয়েল দারিয়াবসের রাজ্যে এবং পারসিক কোরসের রাজ্যে সমৃদ্ধি লাভ করতে থাকলেন।