দানিয়েল
১২ “সেই সময় সেই মহান অধ্যক্ষ, যিনি তোমার লোকদের* পক্ষে দাঁড়িয়ে রয়েছেন, সেই মীখায়েল* উঠে দাঁড়াবেন। আর এমন এক বিপদের সময় আসবে, যেটা জাতি গঠিত হওয়া থেকে সেই সময় পর্যন্ত কখনো হয়নি। আর সেই সময় তোমার লোকেরা, যাদের নাম সেই বইয়ে লেখা থাকবে, তারা রক্ষা পাবে। ২ আর যারা পৃথিবীর ধুলোতে ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে অনেকে জেগে উঠবে, কেউ কেউ অনন্তকালের জীবনের জন্য আর কেউ কেউ নিন্দা এবং অনন্তকালের অপমানের জন্য।
৩ “আর যাদের বোঝার ক্ষমতা রয়েছে, তারা আকাশের মতো জ্বলজ্বল করবে আর যারা অনেককে সঠিক কাজ করতে সাহায্য করে, তারা চিরকাল ধরে তারার মতো জ্বলজ্বল করবে।
৪ “আর হে দানিয়েল, তুমি এই কথাগুলো গোপন রাখো আর শেষকাল পর্যন্ত এই বইটা সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো। অনেকে খোঁজাখুঁজি করবে* আর সঠিক জ্ঞান অনেক বৃদ্ধি পাবে।”*
৫ তারপর, আমি দানিয়েল দেখলাম, আরও দু-জন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন, একজন নদীর এপারে, আরেকজন নদীর ওপারে। ৬ তখন মিহি সুতোর পোশাক পরে থাকা সেই পুরুষ, যিনি নদীর উপরে ছিলেন, তাকে একজন স্বর্গদূত জিজ্ঞেস করলেন: “এই আশ্চর্যজনক বিষয়গুলো কত দিন ধরে চলবে?” ৭ তারপর আমি শুনলাম, মিহি সুতোর পোশাক পরে থাকা সেই পুরুষ, যিনি নদীর উপরে ছিলেন, তিনি স্বর্গের দিকে তার ডান হাত এবং বাঁ-হাত তুলে যিনি চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরের দিব্য করে বললেন: “এটা নির্ধারিত এক কাল, দুই কাল এবং অর্ধেক কাল* ধরে চলবে। যেই-না পবিত্র লোকদের ক্ষমতা ভেঙে গুঁড়িয়ে দেওয়া শেষ হয়ে যাবে, অমনি এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে।”
৮ আমি এই সমস্ত কিছু শুনলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। তাই, আমি বললাম: “হে আমার প্রভু, শেষে কী হবে?”
৯ তারপর তিনি বললেন: “হে দানিয়েল, তুমি যাও। কারণ এই কথাগুলো গোপন থাকবে আর শেষকাল পর্যন্ত সিলমোহর দিয়ে বন্ধ থাকবে। ১০ অনেকে নিজেদের পরিষ্কার করবে এবং বিশুদ্ধ করবে আর তাদের পরিশোধন করা হবে। মন্দ লোকেরা মন্দ কাজ করবে আর কোনো মন্দ ব্যক্তিই বুঝতে পারবে না। কিন্তু, যাদের বোঝার ক্ষমতা রয়েছে, তারা বুঝবে।
১১ “যে-সময়ে নিয়মিত বলিগুলো সরিয়ে দেওয়া হবে এবং সেই জঘন্য বস্তুটা স্থাপন করা হবে, যেটা ধ্বংস করে, তখন থেকে ১,২৯০ দিন কাটবে।
১২ “সুখী সেই ব্যক্তি, যে ১,৩৩৫ দিনের শেষ পর্যন্ত ধৈর্য ধরে* অপেক্ষা করে!
১৩ “কিন্তু, তুমি শেষ পর্যন্ত স্থির থাকো। তুমি বিশ্রাম নেবে। কিন্তু, তোমার অপেক্ষার সময় যখন শেষ হবে, তখন তুমি তোমার অংশ পাওয়ার জন্য* উঠে দাঁড়াবে।”