মালাখি
১ ঈশ্বরের কাছ থেকে এক বার্তা:
যিহোবা মালাখির* মাধ্যমে ইজরায়েলকে এই বার্তা জানালেন:
২ যিহোবা বলেন, “হে লোকেরা, আমি তোমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছি।”
কিন্তু, তোমরা বল: “কীভাবে তুমি আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছ?”
যিহোবা ঘোষণা করেন, “এষৌ কি যাকোবের দাদা ছিল না? তারপরও, আমি যাকোবকে ভালোবেসেছি ৩ এবং এষৌকে ঘৃণা করেছি। আমি তার পর্বতগুলোকে ধ্বংস করে দিয়েছি এবং তার উত্তরাধিকারকে প্রান্তরের শিয়ালদের জন্য ছেড়ে দিয়েছি।”
৪ “ইদোম বলেছে, ‘আমাদের চূর্ণবিচূর্ণ করা হয়েছে, কিন্তু আমরা ফিরে আসব এবং আমাদের ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলো আবারও নির্মাণ করব।’ কিন্তু, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন, ‘তারা নির্মাণ করবে, কিন্তু আমি সেগুলো ভেঙে ফেলব আর তাদের বিষয়ে বলা হবে, “মন্দতার এলাকা” এবং “সেই জাতি, যাদের যিহোবা চিরকালের জন্য নিন্দা করেছেন।” ৫ তোমরা নিজেদের চোখে এটা দেখবে আর তোমরা বলবে: “ইজরায়েলের পুরো এলাকায় যিহোবার মহিমা হোক।”’”
৬ “‘ছেলে নিজের বাবাকে সম্মান করে এবং দাস নিজের প্রভুকে সম্মান করে। আমি যদি পিতা হই, তা হলে আমার প্রাপ্য সম্মান কোথায়? আর আমি যদি প্রভু* হই, তা হলে আমার প্রাপ্য ভয়* কোথায়?’ হে যাজকেরা, তোমরা যারা আমার নামকে তুচ্ছ করছ, আমি স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা তোমাদের এই কথা বলছি।
“‘কিন্তু তোমরা বল: “কীভাবে আমরা তোমার নামকে তুচ্ছ করেছি?”’
৭ “‘তোমরা আমার বেদিতে অশুচি খাবার* উৎসর্গ করার মাধ্যমে তা করেছ।’
“‘আর তোমরা বল: “কীভাবে আমরা তোমাকে অশুচি করেছি?”’
“‘তোমরা এই কথা বলার মাধ্যমে তা করেছ: “যিহোবার টেবিল জঘন্য।” ৮ তোমরা যখন বলি হিসেবে একটা অন্ধ পশু দাও, তখন তোমরা বল: “এতে ভুল কিছু নেই।” আর তোমরা যখন বলি হিসেবে একটা খোঁড়া কিংবা অসুস্থ পশু দাও, তখন তোমরা বল: “এতে ভুল কিছু নেই।”’”
স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “তুমি একবার তোমার রাজ্যপালকে এগুলো দিয়ে দেখো, সে কি তোমার উপর খুশি হবে কিংবা তোমার প্রতি অনুগ্রহ দেখাবে?”
৯ এবার দয়া করে ঈশ্বরের কাছে বিনতি করো, যেন তিনি আমাদের প্রতি অনুগ্রহ দেখান। স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “তোমরা নিজেদের হাতে যে-সমস্ত বলি উৎসর্গ করছ, সেগুলোর কারণে আমি কি তোমাদের মধ্যে কারো প্রতি অনুগ্রহ দেখাব?”
১০ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “তোমাদের মধ্যে কে দরজা* বন্ধ করতে ইচ্ছুক? কারণ তোমরা টাকা না নিয়ে এমনকী আমার বেদিতে আগুন পর্যন্ত জ্বালাও না। আমি তোমাদের প্রতি একটুও সন্তুষ্ট নই আর তোমরা নিজেদের হাতে উপহার হিসেবে যে-বলিগুলো দাও, আমি সেগুলোতে একটুও খুশি হই না।”
১১ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “কারণ পূর্ব দিক থেকে পশ্চিম দিক* পর্যন্ত জাতিগুলোর মাঝে আমার নাম মহৎ হবে। প্রতিটা জায়গায় বলি উৎসর্গ করা হবে, যাতে বলি থেকে ধোঁয়া বের হয় আর আমার নামের উদ্দেশে বিশুদ্ধ উপহার হিসেবে বলি উৎসর্গ করা হবে কারণ জাতিগুলোর মাঝে আমার নাম মহৎ হবে।”
১২ “কিন্তু, তোমরা এই বলে সেটাকে* অপবিত্র করছ, ‘যিহোবার টেবিল অশুচি এবং সেটাতে উৎসর্গ করা বলি, হ্যাঁ, সেটাতে উৎসর্গ করা খাবার জঘন্য।’ ১৩ এ ছাড়া, তোমরা মুখে বিরক্তির ভাব এনে বলে থাক, ‘উফ্! কী বিরক্তিকর!’” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন। যিহোবা এও বলেন: “আর তোমরা চুরি-করা পশু, খোঁড়া পশু এবং অসুস্থ পশু নিয়ে আস। হ্যাঁ, তোমরা উপহার হিসেবে এইরকম বিষয় নিয়ে আস! আমি কি তোমাদের হাত থেকে এগুলো গ্রহণ করব?”
১৪ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “কারণ আমি মহান রাজা এবং আমার নাম জাতিগুলোর মাঝে বিস্ময়কর হবে। সেই ব্যক্তি অভিশপ্ত, যার নিজের পশুপালের মধ্যে নিখুঁত পুংপশু রয়েছে অথচ যে যিহোবার উদ্দেশে অঙ্গীকার করে একটা খুঁতযুক্ত পশু বলি হিসেবে উৎসর্গ করে।”