যিহিষ্কেল
২৮ আবারও যিহোবার বার্তা আমার কাছে এল, তিনি আমাকে বললেন: ২ “হে মানুষের ছেলে, সোরের নেতাকে বলো, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন:
“তোমার হৃদয় অহংকারী হয়ে গিয়েছে, তুমি বলতে থাক, ‘আমি একজন ঈশ্বর।
আমি সমুদ্রের মাঝখানে একজন ঈশ্বরের সিংহাসনে বসে থাকি।’
কিন্তু, তুমি কোনো ঈশ্বর নও, তুমি কেবল একজন মানুষ,
যদিও তুমি নিজেকে একজন ঈশ্বর বলে মনে কর।
৩ দেখো! তুমি নিজেকে দানিয়েলের চেয়েও বেশি বিজ্ঞ বলে মনে কর।
তুমি মনে কর, এমন কোনো রহস্য নেই, যেটা তুমি জান না।
৪ তুমি তোমার প্রজ্ঞা এবং তোমার বোঝার ক্ষমতা ব্যবহার করে নিজেকে ধনী করে তুলেছ
আর তুমি তোমার কোষাগারগুলোতে সোনা ও রুপো জমিয়ে চলেছ।
৫ তুমি দক্ষতার সঙ্গে ব্যাবসা করে প্রচুর ধনসম্পদ অর্জন করলে
আর তোমার ধনসম্পদের কারণে তোমার হৃদয় অহংকারী হয়ে উঠল।”’
৬ “‘তাই, নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন:
“যেহেতু তুমি নিজেকে একজন ঈশ্বর বলে মনে কর,
৭ তাই আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের, জাতিগুলোর মধ্যে সবচেয়ে নির্দয় লোকদের নিয়ে আসছি
আর তুমি তোমার প্রজ্ঞা ব্যবহার করে যে-সমস্ত সুন্দর সুন্দর জিনিস অর্জন করেছ, সেগুলোর বিরুদ্ধে তারা তলোয়ার চালাবে
এবং তারা তোমার গৌরবময় মহিমাকে কলুষিত করে দেবে।
৮ তারা তোমাকে গর্তে* নামিয়ে দেবে
আর তুমি সমুদ্রের মাঝখানে ভয়ংকরভাবে মারা যাবে।
৯ তুমি কি তখনও তোমার হত্যাকারীকে বলবে যে, ‘আমি একজন ঈশ্বর’?
যারা তোমাকে কলুষিত করবে, তাদের কাছে তুমি কোনো ঈশ্বর নয় বরং সামান্য মানুষ হবে।”’
১০ ‘তুমি বিদেশিদের হাতে এমনভাবে মারা যাবে যেন তুমি কোনো অচ্ছিন্নত্বক ব্যক্তি
কারণ আমি নিজে এই কথা বলেছি।’ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা ঘোষণা করেছেন।”
১১ আবারও যিহোবার বার্তা আমার কাছে এল, তিনি আমাকে বললেন: ১২ “হে মানুষের ছেলে, সোরের রাজার বিষয়ে একটা শোকের গান গাও আর তাকে বলো, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন:
“তুমি একেবারে নিখুঁত ছিলে,
তুমি প্রজ্ঞায় পূর্ণ ছিলে এবং তোমার সৌন্দর্য নিখুঁত ছিল।
১৩ তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে।
প্রতিটা মূল্যবান পাথর দিয়ে তোমাকে সাজানো হয়েছিল
—চুনি, পোখরাজ ও সূর্যকান্ত মণি, স্বর্ণ মনি, গোমেদক ও জেড পাথর, নীলকান্ত মণি, ফিরোজা পাথর ও পান্না।
আর সেগুলোকে সোনার কাঠামোতে বসানো হয়েছিল।
যে-দিন তোমাকে সৃষ্টি করা হয়েছিল, সেই দিন সেগুলো তৈরি করা হয়েছিল।
১৪ আমি তোমাকে অভিষিক্ত পাহারাদার করূব হিসেবে নিযুক্ত করেছিলাম।
তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে আর তুমি জ্বলন্ত পাথরের মাঝে হেঁটে বেড়াতে।
১৫ যে-দিন তোমাকে সৃষ্টি করা হয়েছিল, সেই দিন থেকে তুমি তোমার আচার-আচরণে নিখুঁত ছিলে,
যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।
১৬ তোমার অনেক ব্যাবসার কারণে
তুমি দৌরাত্ম্যে পূর্ণ হলে এবং তুমি পাপ করতে শুরু করলে।
তাই, আমি তোমাকে একজন অপবিত্র ব্যক্তি হিসেবে ঈশ্বরের পর্বত থেকে বের করে দেব আর তোমাকে ধ্বংস করে দেব।
হে পাহারাদার করূব, আমি তোমাকে জ্বলন্ত পাথরগুলো থেকে দূর করে দেব।
১৭ তোমার সৌন্দর্যের কারণে তোমার হৃদয় অহংকারী হয়ে উঠল।
তোমার গৌরবময় মহিমার কারণে তুমি তোমার প্রজ্ঞা নষ্ট করে ফেললে।
আমি তোমাকে পৃথিবীতে ছুড়ে ফেলব।
আমি তোমার এমন অবস্থা করব যে, রাজারা তোমাকে দেখবে।
১৮ তোমার অনেক অপরাধ এবং তোমার অসৎ ব্যাবসার কারণে তুমি তোমার পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছ।
আমি তোমার মধ্যে আগুন লাগিয়ে দেব আর সেই আগুন তোমাকে খেয়ে ফেলবে।
যারা তোমাকে দেখছে, তাদের সবার সামনে আমি পৃথিবীতে তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেব।
১৯ জাতিগুলোর মাঝে যারা তোমাকে জানত, তারা সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে।
তুমি হঠাৎই ভয়ংকরভাবে শেষ হয়ে যাবে
আর তুমি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে।”’”
২০ আবারও যিহোবার বার্তা আমার কাছে এল, তিনি আমাকে বললেন: ২১ “হে মানুষের ছেলে, সীদোনের দিকে মুখ ঘোরাও আর তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো। ২২ তুমি তাকে বলবে, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন:
“হে সীদোন, দেখো, আমি তোমার বিরুদ্ধে রয়েছি আর তোমার মাঝে আমাকে গৌরবান্বিত করা হবে।
যখন আমি তাকে শাস্তি দেব এবং তার মধ্যে আমি পবিত্রীকৃত হব, তখন লোকেরা জানবে যে, আমি যিহোবা।
২৩ আমি তার মধ্যে মহামারি পাঠাব আর তার রাস্তাগুলোতে রক্ত বইবে।
যখন সমস্ত দিক থেকে তার বিরুদ্ধে তলোয়ার আসবে, তখন তার মধ্যে নিহত লোকেরা পড়ে যাবে
আর তখন তারা বুঝবে যে, আমি যিহোবা।
২৪ “‘“তখন ইজরায়েলের পরিবার আর এমন লোকদের মাঝে থাকবে না, যারা কাঁটাঝোপের মতো ক্ষতিকারক এবং যারা তাদের নীচু চোখে দেখে। আর তখন লোকেরা বুঝবে যে, আমি নিখিলবিশ্বের প্রভু যিহোবা।”’
২৫ “‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: “ইজরায়েলের পরিবারকে যে-জাতিগুলোর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়েছিল, সেই জাতিগুলো থেকে আমি যখন তাদের আবারও একত্রিত করব, তখন আমি তাদের মাঝে জাতিগুলোর লোকদের চোখের সামনে পবিত্রীকৃত হব। আর তারা নিজেদের দেশে বাস করবে, যেটা আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম। ২৬ তারা সেখানে নিরাপদে বাস করবে আর বাড়ি তৈরি করবে এবং আঙুর গাছ লাগাবে। আর তারা সেই সময় নিরাপদে বাস করবে, যখন আমি তাদের আশেপাশের সেইসমস্ত লোককে শাস্তি দেব, যারা তাদের নীচু চোখে দেখে। আর তখন তারা* বুঝবে যে, আমি তাদের ঈশ্বর যিহোবা।”’”