যোয়েল
৩ “কারণ দেখো! সেই দিনে এবং সেই সময়ে
আমি যখন যিহূদা ও জেরুসালেমের বন্দিত্বে থাকা লোকদের ফিরিয়ে আনব,
২ তখন আমি সমস্ত জাতিকে একত্রিতও করব
সেখানে আমি আমার লোকদের এবং আমার উত্তরাধিকার ইজরায়েলের জন্য তাদের বিচার করব
কারণ তারা তাদেরকে জাতিগুলোর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছিল
এবং আমার দেশটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল।
৩ তারা ঘুঁটি* চেলে আমার লোকদের নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
তারা বেশ্যাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্য ছোটো ছেলেকে বিক্রি করে দিত,
তারা দ্রাক্ষারসের* জন্য ছোটো মেয়েকে বিক্রি করে দিত।
৪ আর হে সোর ও সীদোন এবং পলেষ্টিয়ার সমস্ত এলাকা,
তোমাদের এত আস্পর্ধা যে, তোমরা আমার প্রতি এমনটা করছ?
তোমরা কি আমার কোনো কাজের কারণে আমার উপর প্রতিশোধ নিচ্ছ?
যদি তোমরা সত্যিই আমার উপর প্রতিশোধ নিয়ে থাক,
তা হলে আমি খুব দ্রুত তোমাদের কাজের প্রতিফল তোমাদের দেব।
৫ কারণ তোমরা আমার সোনা-রুপো নিয়ে নিয়েছ
আর তোমরা আমার সবচেয়ে ভালো ধনসম্পদ তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গিয়েছ।
৬ আর তোমরা যিহূদা ও জেরুসালেমের লোকদের গ্রিকদের কাছে বিক্রি করে দিয়েছ,
যাতে তাদেরকে নিজেদের এলাকা থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়।
৭ দেখো, তোমরা তাদের যে-জায়গায় বিক্রি করে দিয়েছিলে, সেখান থেকে আমি তাদের ফিরিয়ে আনছি
আর আমি তোমাদের কাজের প্রতিফল তোমাদের দেব।
৮ আমি তোমাদের ছেলে-মেয়েদের যিহূদার লোকদের কাছে বিক্রি করে দেব
আর তারা তাদেরকে অনেক দূরে বসবাসরত শিবার লোকদের কাছে বিক্রি করে দেবে
কারণ যিহোবা নিজে এই কথা বলেছেন।
৯ জাতিগুলোর মাঝে এই ঘোষণা করো:
‘যুদ্ধের জন্য প্রস্তুত হও! বীরযোদ্ধাদের ডেকে আনো!
সমস্ত সৈন্য এগিয়ে যাক এবং আক্রমণ করুক!
১০ তোমাদের লাঙলের ফাল পিটিয়ে তলোয়ার তৈরি করো আর তোমাদের কাস্তে পিটিয়ে বর্শা তৈরি করো।
যে দুর্বল, সে বলুক: “আমি শক্তিশালী।”
১১ আশেপাশের জাতিগুলো, তোমরা একত্রিত হও আর এসে সাহায্য করো!’”
হে যিহোবা, তুমি সেই জায়গায় তোমার শক্তিশালী ব্যক্তিদের* নামিয়ে আনো।
১২ “জাতিগুলো জেগে উঠুক আর যিহোশাফটের উপত্যকায়* আসুক
কারণ সেখানে আমি আশেপাশের সমস্ত জাতির বিচার করার জন্য বসব।
১৩ কাস্তে চালাও কারণ শস্য পেকে গিয়েছে।
নীচে এসো আর মাড়াই করো কারণ আঙুর পেষাই করার গর্ত ভরে গিয়েছে।
আঙুর পেষাই করার গর্তগুলো উপচে পড়ছে কারণ তাদের মন্দতা অনেক বেড়ে গিয়েছে।
১৪ বিচারের উপত্যকায়* প্রচুর লোক একত্রিত হয়েছে
কারণ যিহোবার সেই দিনটা কাছে এসে গিয়েছে, যে-দিন তিনি সেখানে লোকদের বিচার করবেন।
১৫ সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে
আর তারাগুলো নিজেদের আলো হারিয়ে ফেলবে।
১৬ আর যিহোবা সিয়োন থেকে গর্জন করবেন,
জেরুসালেম থেকে তাঁর গলার আওয়াজ শোনা যাবে।
আর আকাশ ও পৃথিবী কাঁপবে।
কিন্তু, যিহোবা তাঁর নিজের লোকদের জন্য আশ্রয়স্থান হবেন,
ইজরায়েলের লোকদের জন্য এক দুর্গ হবেন।
১৭ আর তোমরা বুঝবে যে, আমি তোমাদের ঈশ্বর যিহোবা, আমি সিয়োনে আমার পবিত্র পর্বতে বাস করি।
জেরুসালেম এক পবিত্র জায়গা হয়ে উঠবে
এবং অপরিচিত ব্যক্তিরা* আর তার মধ্য দিয়ে যাবে না।
১৮ সেই দিন পর্বতগুলো থেকে মিষ্টি দ্রাক্ষারস* ঝরে পড়বে,
পাহাড়গুলোতে দুধ বইবে
আর যিহূদার সমস্ত নদীতে প্রচুর জল বইবে।
যিহোবার গৃহ থেকে একটা ঝরনা বইবে
আর সেটা বাবলা গাছের উপত্যকায় জল দেবে।
১৯ কিন্তু, মিশর ধ্বংস হয়ে যাবে
আর ইদোম ধ্বংস হওয়া প্রান্তর হয়ে যাবে
কারণ তারা যিহূদার লোকদের প্রতি দৌরাত্ম্যমূলক কাজ করেছিল
আর তাদের দেশে তারা নির্দোষ লোকদের রক্তপাত করেছিল।
২০ কিন্তু, যিহূদায় সবসময় লোকেরা বাস করবে
আর জেরুসালেমে প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকেরা বাস করবে।
২১ আর আমি তাদের* নির্দোষ হিসেবে দেখব, যদিও আমি আগে তাদের নির্দোষ হিসেবে দেখিনি।
আর যিহোবা সিয়োনে বাস করবেন।”