যিহিষ্কেল
৩ তারপর, তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, তোমার সামনে যা রয়েছে,* তা খাও। এই গোটানো পুস্তকটা খাও আর যাও, তুমি গিয়ে ইজরায়েলের পরিবারের সঙ্গে কথা বলো।”
২ তাই, আমি আমার মুখ খুললাম আর তিনি আমাকে গোটানো পুস্তকটা খেতে দিলেন। ৩ তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, আমি তোমাকে এই যে-গোটানো পুস্তকটা দিচ্ছি, এটা খাও এবং এটা দিয়ে তোমার পেট ভরতি করো।” তাই, আমি সেটা খেতে শুরু করলাম আর সেটা আমার মুখে মধুর মতো মিষ্টি লাগল।
৪ তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, ইজরায়েলের পরিবারের কাছে যাও আর আমার কথাগুলো তাদের বলো। ৫ কারণ তোমাকে এমন এক জাতির কাছে পাঠানো হচ্ছে না, যাদের ভাষা তুমি বুঝতে পার না কিংবা জান না। বরং তোমাকে ইজরায়েলের পরিবারের কাছে পাঠানো হচ্ছে। ৬ তোমাকে এমন অনেক জাতির কাছে পাঠানো হচ্ছে না, যাদের ভাষা তুমি বুঝতে পার না কিংবা জান না, যাদের কথা তুমি বুঝতে পার না। আমি যদি তোমাকে তাদের কাছে পাঠাতাম, তা হলে তারা তোমার কথা শুনত। ৭ কিন্তু, ইজরায়েলের পরিবার তোমার কথা শুনতে চাইবে না কারণ তারা আমার কথা শুনতে চায় না। ইজরায়েলের পরিবারের সবাই একগুঁয়ে এবং তাদের হৃদয় কঠিন। ৮ কিন্তু, তারা যতটা জেদি ও একগুঁয়ে, আমি তোমাকেও ততটাই দৃঢ় ও মজবুত করে তুলেছি!* ৯ আমি তোমার কপাল হিরের মতো শক্ত করে তুলেছি, শক্ত পাথরের চেয়েও শক্ত করে তুলেছি। তাদের কারণে ভয় পেয়ো না কিংবা তাদের মুখ দেখে আতঙ্কিত হোয়ো না কারণ তারা বিদ্রোহী পরিবারের লোক।”
১০ তিনি আমাকে আরও বললেন: “হে মানুষের ছেলে, আমি তোমাকে যে-সমস্ত কথা বলছি, সেগুলো ভালো করে শোনো এবং তোমার মনে গেঁথে নাও। ১১ তারপর, তুমি বন্দিত্বে থাকা তোমার লোকদের* কাছে যাও আর তাদের সঙ্গে কথা বলো। তারা তোমার কথা শুনুক বা না শুনুক, তুমি তাদের বলবে, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন।’”
১২ তখন একটা শক্তি* আমাকে তুলে নিয়ে গেল আর আমি পিছন দিক থেকে খুব জোরে একটা শব্দ শুনতে পেলাম ও সেইসঙ্গে একটা গলার আওয়াজও শুনতে পেলাম, যেটা বলল: “যিহোবা যেখানে থাকেন, সেখানে তাঁর মহিমার প্রশংসা হোক।” ১৩ জীবিত প্রাণীদের ডানাগুলো একে অন্যের সঙ্গে ঘষার শব্দ শোনা যাচ্ছিল এবং তাদের পাশে থাকা চাকাগুলোর শব্দ শোনা যাচ্ছিল ও সেইসঙ্গে খুব জোরে একটা শব্দ শোনা যাচ্ছিল। ১৪ তারপর, সেই শক্তি* আমাকে তুলে নিয়ে গেল। আমি যখন যাচ্ছিলাম, তখন আমার মনে রাগ ও তিক্ততা ছিল আর যিহোবার হাত দৃঢ়ভাবে আমার উপর ছিল। ১৫ তাই, আমি বন্দিত্বে থাকা লোকদের কাছে গেলাম, যারা কবার নদীর ধারে টেল্-আবীবে বাস করছিল। তারা যেখানে বাস করছিল, আমি সেখানে থাকলাম আর আমি সাত দিন পর্যন্ত হতভম্ব হয়ে তাদের মাঝে থাকলাম।
১৬ সাত দিন পর যিহোবার বার্তা আমার কাছে এল:
১৭ “হে মানুষের ছেলে, আমি তোমাকে ইজরায়েলের পরিবারের জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করেছি। যখন তুমি আমার মুখ থেকে কোনো কথা শুনবে, তখন তুমি আমার হয়ে তাদের সাবধান করবে। ১৮ যখন আমি কোনো মন্দ ব্যক্তিকে বলি, ‘তুমি অবশ্যই মরবে’ অথচ তুমি তাকে সাবধান না কর এবং তাকে এই কথা না বল যে, সে যেন নিজের মন্দ পথ থেকে ফিরে আসে এবং নিজের প্রাণ বাঁচায়, তখন সেই মন্দ ব্যক্তি নিজের ভুলের জন্য মারা যাবে, কিন্তু আমি তোমাকে তার রক্তের জন্য দায়ী করব।* ১৯ কিন্তু, তুমি যদি কোনো মন্দ ব্যক্তিকে সাবধান কর অথচ সে নিজের মন্দতা থেকে এবং নিজের মন্দ পথ থেকে ফিরে না আসে, তা হলে সে নিজের ভুলের জন্য মারা যাবে, কিন্তু তুমি নিশ্চিতভাবেই নিজের জীবন বাঁচাবে। ২০ কিন্তু, যে সঠিক কাজ করে, সে যখন নিজের সঠিক কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ* করবে, তখন আমি তার সামনে হোঁচট খাওয়ার বস্তু রাখব আর সে মারা যাবে। কিন্তু, তুমি যদি তাকে সাবধান না কর, তা হলে সে নিজের পাপের জন্য মারা যাবে আর সে যে-সঠিক কাজগুলো করেছিল, সেগুলো স্মরণ করা হবে না, কিন্তু আমি তোমাকে তার রক্তের জন্য দায়ী করব।* ২১ কিন্তু, যে সঠিক কাজ করে, তুমি যদি তাকে সাবধান কর যেন সে পাপ না করে আর সে সত্যিই পাপ না করে, তা হলে সে অবশ্যই বেঁচে থাকবে কারণ তাকে সাবধান করা হয়েছে আর তুমি নিজের জীবন বাঁচাবে।”
২২ তারপর, যিহোবার হাত সেখানে আমার উপর এল আর তিনি আমাকে বললেন: “ওঠো, উপত্যকার সমভূমিতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলব।” ২৩ তখন আমি উঠে উপত্যকার সমভূমিতে গেলাম আর দেখো! সেখানে যিহোবার মহিমা ছিল, ঠিক সেই মহিমার মতো, যেটা আমি কবার নদীর ধারে দেখেছিলাম আর আমি উবুড় হয়ে পড়লাম। ২৪ তখন পবিত্র শক্তি আমার মধ্যে এল আর আমাকে উঠে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করল। আর তিনি আমাকে বললেন:
“যাও, নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দাও। ২৫ হে মানুষের ছেলে, তারা তোমাকে দড়ি দিয়ে বাঁধবে, যাতে তুমি তাদের কাছে যেতে না পার। ২৬ আমি তোমার জিভ তোমার মুখের তালুতে আটকে দেব আর তুমি বোবা হয়ে যাবে। তুমি তাদের ধমক দিতে পারবে না কারণ তারা বিদ্রোহী পরিবারের লোক। ২৭ কিন্তু, যখনই আমি তোমার সঙ্গে কথা বলব, তখনই আমি তোমার মুখ খুলে দেব আর তুমি তাদের বলবে, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন।’ যে শুনতে চায়, সে শুনুক আর যে শুনতে চায় না, সে না শুনুক কারণ তারা বিদ্রোহী পরিবারের লোক।