সফনিয়
২ হে নির্লজ্জ জাতি, একত্রিত হও,
হ্যাঁ, জড়ো হও।
২ সেই নিয়ম কার্যকর হওয়ার আগে,
সেই দিনটা তুষের মতো উড়ে যাওয়ার আগে,
তোমাদের উপর যিহোবার ক্রোধের আগুন নেমে আসার আগে,
তোমাদের উপর যিহোবার রাগের দিন এসে পড়ার আগে,
৩ হে পৃথিবীর সমস্ত মৃদুশীল* ব্যক্তি,
তোমরা যারা তাঁর ন্যায্য আইন* পালন করে থাক, তোমরা যিহোবার অনুসন্ধান করো।
যা সঠিক, তা করার প্রচেষ্টা করো, মৃদুতা* দেখানোর প্রচেষ্টা করো।
খুব সম্ভবত,* তোমাদেরকে যিহোবার রাগের দিনে লুকিয়ে রাখা হবে।
৪ কারণ গাজা এক পরিত্যক্ত নগর হয়ে উঠবে
আর অস্কিলোনকে ধ্বংস করে দেওয়া হবে।
অস্দোদকে ভরদুপুরে তাড়িয়ে দেওয়া হবে
আর ইক্রোণকে উপড়ে ফেলা হবে।
৫ “হে করেথীয়েরা, তোমরা যারা সমুদ্রের উপকূলে বাস কর, ধিক তোমাদের!
যিহোবা বলেছেন যে, তিনি তোমাদের শাস্তি দেবেন।
হে কনান, হে পলেষ্টীয়দের দেশ, আমি তোমাকে ধ্বংস করব,
যাতে তোমার মধ্যে কোনো বাসিন্দা অবশিষ্ট না থাকে।
৬ সমুদ্রের উপকূলের এলাকা চারণভূমি* হয়ে উঠবে,
সেখানে মেষপালকদের জন্য কুয়ো এবং মেষের জন্য পাথরের খোঁয়াড় থাকবে।
৭ সেই জায়গাটা যিহূদার পরিবারের অবশিষ্ট লোকদের এলাকা হয়ে উঠবে,
তারা সেখানে খাবে।
তারা সন্ধ্যা বেলায় অস্কিলোনের বাড়িগুলোতে শোবে।
কারণ তাদের ঈশ্বর যিহোবা তাদের প্রতি মনোযোগ দেবেন*
আর তিনি বন্দিত্বে থাকা তাদের লোকদের একত্রিত করে ফিরিয়ে আনবেন।”
৮ “মোয়াব যে আমার লোকদের নিন্দা করেছে এবং অম্মোনীয়েরা যে আমার লোকদের অপমান করেছে, আমি তা শুনেছি,
তারা আমার লোকদের নিয়ে উপহাস করেছে এবং অহংকারে পূর্ণ হয়ে হুমকি দিয়েছে যে, তারা তাদের এলাকা দখল করে নেবে।”
৯ স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা ঘোষণা করেন:
“তাই, আমি নিজের জীবনের দিব্য করে বলছি,
মোয়াব ঠিক সদোমের মতো হয়ে যাবে
আর অম্মোনীয়েরা ঘমোরার মতো হয়ে যাবে,
তাদের জায়গা বিছুটি গাছে ভরে যাবে, তাদের জায়গা নোনা জমি এবং চিরকালের জন্য পরিত্যক্ত ভূমি হয়ে উঠবে।
আমার লোকদের অবশিষ্ট লোকেরা তাদের লুট করবে
আর আমার জাতির অবশিষ্ট লোকেরা তাদেরকে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেবে।
১০ তারা তাদের অহংকারের প্রতিফল হিসেবে এটাই পাবে
কারণ তারা স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার লোকদের নিয়ে উপহাস করেছিল এবং তাদের বিরুদ্ধে নিজেদের উচ্চীকৃত করেছিল।
১১ যিহোবা তাদের আতঙ্কিত করে তুলবেন
কারণ তিনি পৃথিবীর সমস্ত দেবতাকে ব্যর্থ* করে দেবেন
আর জাতিগুলোর সমস্ত দ্বীপ তাঁর সামনে মাথা নত* করবে,
প্রত্যেকে নিজের জায়গা থেকে মাথা নত করবে।
১২ আর ইথিওপীয়েরা, তোমরাও আমার তলোয়ারের আঘাতে মারা পড়বে।
১৩ তিনি উত্তর দিকে তাঁর হাত বাড়াবেন এবং অশূরকে ধ্বংস করে দেবেন,
তিনি নীনবীকে ধ্বংস করে দেবেন, সেটাকে মরুভূমির মতো শুকনো ভূমি করে দেবেন।
১৪ তার মাঝে সমস্ত ধরনের বন্যপশুর পাল* শোবে।
তার স্তম্ভগুলোর চূড়ায় পেলিক্যান পাখি ও শজারু রাত কাটাবে।
জানালায় গানের আওয়াজ শোনা যাবে।
চৌকাঠে ধ্বংসাবশেষ পড়ে থাকবে
কারণ দেবদারু কাঠের তক্তাগুলো বেরিয়ে পড়বে।
১৫ এটাই সেই অহংকারী নগরী, যে নিরাপদে বসে ছিল,
যে মনে মনে বলছিল, ‘আমিই মহান, আমি ছাড়া আর কেউ নেই।’
এখন দেখো, তার এমন অবস্থা হয়েছে যে, লোকেরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে,
সে বন্যপশুদের শোয়ার জায়গা হয়ে উঠেছে!
তার পাশ দিয়ে যাওয়া প্রত্যেকে ঠাট্টা করে শিস দেবে এবং নিজের মুঠো ঝাঁকাবে।”