বংশাবলির প্রথম খণ্ড
১৪ সোরের রাজা হীরম দায়ূদের কাছে তার বার্তাবাহকদের পাঠালেন। এ ছাড়া, তিনি দেবদারু কাঠ, রাজমিস্ত্রি* এবং ছুতোর মিস্ত্রি পাঠালেন, যাতে তারা দায়ূদের জন্য প্রাসাদ তৈরি করে। ২ আর দায়ূদ বুঝতে পারলেন যে, যিহোবা ইজরায়েলের উপর তার রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন কারণ ঈশ্বর তাঁর প্রজা ইজরায়েলের জন্য তার রাজ্য উচ্চে স্থাপন করেছিলেন।
৩ দায়ূদ জেরুসালেমে আরও স্ত্রী গ্রহণ করলেন এবং দায়ূদের আরও ছেলে-মেয়ে হল। ৪ জেরুসালেমে তার যে-সমস্ত ছেলের জন্ম হল, তাদের নাম এই: শম্মুয়, শোবব, নাথন, শলোমন, ৫ যিভর, ইলীশূয়, ইল্পেলট, ৬ নোগহ, নেফগ, যাফিয়, ৭ ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।
৮ পলেষ্টীয়েরা যখন জানতে পারল, দায়ূদকে পুরো ইজরায়েলের উপর রাজা হিসেবে অভিষেক করা হয়েছে, তখন তারা সবাই দায়ূদকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। দায়ূদ যখন এই বিষয়ে জানতে পারলেন, তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। ৯ পরে, পলেষ্টীয়েরা এসে রফায়ীম উপত্যকার* বাসিন্দাদের উপর আক্রমণ করতে থাকল। ১০ তখন দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন: “আমি কি গিয়ে পলেষ্টীয়দের উপর আক্রমণ করব? তুমি কি তাদের আমার হাতে সমর্পণ করে দেবে?” যিহোবা তাকে বললেন: “তুমি গিয়ে পলেষ্টীয়দের উপর আক্রমণ করো। আমি অবশ্যই তোমার হাতে তাদের সমর্পণ করে দেব।” ১১ তখন দায়ূদ উপরে বাল্-পরাসীমে গেলেন আর পলেষ্টীয়দের মেরে ফেললেন। দায়ূদ বললেন: “জলের তোড়ে যেভাবে বাঁধ ভেঙে যায়, সেভাবেই সত্য ঈশ্বর আমার আগে আগে গিয়ে আমার হাতে আমার শত্রুদের বিনষ্ট করেছেন।” এইজন্য তারা সেই জায়গার নাম বাল্-পরাসীম* রাখল। ১২ পলেষ্টীয়েরা সেখানেই তাদের মূর্তিগুলো ফেলে গিয়েছিল আর দায়ূদের আদেশ অনুসারে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হল।
১৩ পরে, পলেষ্টীয়েরা আবারও রফায়ীম উপত্যকার* উপর আক্রমণ করল। ১৪ দায়ূদ আবারও সত্য ঈশ্বরের কাছে নির্দেশনা চাইলেন। কিন্তু, তিনি দায়ূদকে বললেন: “তুমি সামনের দিক থেকে তাদের উপর আক্রমণ করবে না। এর পরিবর্তে, তুমি পিছনের দিকে যাবে আর ঝোপের* সামনের দিক থেকে তাদের উপর আক্রমণ করবে। ১৫ যখনই তুমি ঝোপের* উপর থেকে সৈন্যদলের চলার মতো শব্দ শুনতে পাবে, তখনই তুমি আক্রমণ করবে। কারণ তুমি বুঝবে যে, আমি সত্য ঈশ্বর পলেষ্টীয় সৈন্যদলকে হত্যা করার জন্য তোমার আগে আগে যাচ্ছি।” ১৬ সত্য ঈশ্বর দায়ূদকে যেমনটা আজ্ঞা দিলেন, দায়ূদ ঠিক তেমনটাই করলেন আর তারা গিবিয়োন থেকে শুরু করে গেষর পর্যন্ত পলেষ্টীয় সেনাবাহিনীকে হত্যা করল। ১৭ সমস্ত দেশে দায়ূদের সুনাম ছড়িয়ে পড়ল আর যিহোবা সমস্ত জাতির লোকের মধ্যে দায়ূদের ভয় ঢুকিয়ে দিলেন।