মীখা
১ যিহূদার রাজা যোথম, আহস ও হিষ্কিয়ের দিনে যিহোবার বার্তা মোরেষতের বাসিন্দা মীখার* কাছে এল। তিনি একটা দর্শনে শমরিয়া ও জেরুসালেমের বিষয়ে এই বার্তা পেলেন:
২ “সমস্ত জাতির লোক, তোমরা শোনো!
হে পৃথিবী এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু, তোমরা মনোযোগ দাও,
যিহোবা নিজের পবিত্র মন্দিরে রয়েছেন।
নিখিলবিশ্বের প্রভু যিহোবা যেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
৩ কারণ দেখো! যিহোবা নিজের জায়গা থেকে বের হচ্ছেন,
তিনি নীচে নেমে আসবেন এবং পৃথিবীর উঁচু জায়গাগুলোর উপর দিয়ে হাঁটবেন।
৪ পর্বতগুলো তাঁর পায়ের তলায় গলে যাবে
আর উপত্যকাগুলো* ফেটে যাবে,
ঠিক যেভাবে মোম আগুনের সামনে গলে যায়
এবং জল ঢালু জায়গায় গড়িয়ে যায়।
৫ এই সমস্ত কিছু যাকোবের বিদ্রোহের কারণে,
ইজরায়েলের পরিবারের পাপের কারণে ঘটবে।
যাকোবের বিদ্রোহের জন্য কে দায়ী?
শমরিয়া কি নয়?
আর যিহূদার উঁচু জায়গাগুলোর জন্য কে দায়ী?
জেরুসালেম কি নয়?
৬ আমি শমরিয়াকে মাঠের ধ্বংসস্তূপ করে তুলব
আর তাকে আঙুর গাছ লাগানোর জায়গা করে তুলব।
আমি তার পাথরগুলো উপত্যকায় ছুড়ে ফেলব*
আর আমি তার ভিত্তিগুলো উপড়ে ফেলব।
৭ তার সমস্ত খোদাই-করা মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে
আর সে বেশ্যাকর্ম করে যে-সমস্ত উপহার পেয়েছে,* সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
আমি তার সমস্ত মূর্তি ধ্বংস করে দেব।
কারণ সে নিজের বেশ্যাকর্মের উপার্জনের দ্বারা সেগুলো জড়ো করেছিল
আর এখন সেগুলো নিয়ে যাওয়া হবে, যাতে সেগুলো অন্য বেশ্যাদের উপার্জন হয়।”
৮ এইজন্য আমি জোরে জোরে কাঁদব,
আমি উলঙ্গ হয়ে খালি পায়ে হাঁটব।
আমি শিয়ালের মতো জোরে জোরে কাঁদব
আর উটপাখির মতো শোক করব।
৯ কারণ তার ক্ষত সারিয়ে তোলা যাবে না,
সেটা যিহূদা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
সেটা আমার লোকদের দরজা পর্যন্ত, জেরুসালেম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
১০ “এই বিষয়ে গাতে ঘোষণা কোরো না,
তাদের সামনে একটুও কেঁদো না।
বৈৎ-লি-অফ্রায়* ধুলোয় গড়াগড়ি খাও।
১১ হে শাফীরের বাসিন্দারা, উলঙ্গ হয়ে এবং লজ্জিত হয়ে পার হয়ে যাও।
সাননের বাসিন্দারা বের হয়নি।
বৈৎ-এৎসলে কান্নাকাটির শব্দ শোনা যাবে এবং সেটা তোমাদের আর সাহায্য করবে না।
১২ কারণ মারোতের বাসিন্দারা ভালো কিছুর আশা করেছিল,
কিন্তু যিহোবার কাছ থেকে বিপর্যয় জেরুসালেমের দরজা পর্যন্ত নেমে এসেছে।
১৩ হে লাখীশের বাসিন্দারা, ঘোড়াগুলোর সঙ্গে রথটাকে জুড়ে দাও।
তোমার কাছ থেকেই সিয়োনের মেয়ের পাপ শুরু হয়েছিল
কারণ তোমার মধ্যেই ইজরায়েলের বিদ্রোহ পাওয়া গিয়েছিল।
১৪ তাই, তুমি মোরেষৎ-গাৎকে উপহার দিয়ে বিদায় জানাবে।
অক্ষীবের লোকেরা ইজরায়েলের রাজাদের সঙ্গে প্রতারণা করেছিল।
১৫ হে মারেশার বাসিন্দারা, আমি তোমাদের বিরুদ্ধে এমন এক শত্রুকে নিয়ে আসব, যে সব কিছু কেড়ে নেয়।*
ইজরায়েলের মহিমা অদুল্লম পর্যন্ত গিয়ে পৌঁছোবে।
১৬ নিজেদের চুল কেটে ন্যাড়া হয়ে যাও কারণ তোমাদের প্রিয় সন্তানদের উপর বিপর্যয় আসতে চলেছে।
তোমরা নিজেদের ঈগলের মতো ন্যাড়া করে দাও
কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে বন্দিত্বে পাঠানো হয়েছে।”