মীখা
৬ তোমরা দয়া করে শোনো, যিহোবা কী বলছেন।
ওঠো, পর্বতগুলোর সামনে একটা মামলা পেশ করো
আর পাহাড়গুলো যেন তোমাদের গলার আওয়াজ শোনে।
২ হে পর্বতগুলো, হে পৃথিবীর দৃঢ় ভিত্তিগুলো,
যিহোবার মামলা শোনো
কারণ তাঁর নিজের লোকদের বিরুদ্ধে যিহোবার একটা মামলা রয়েছে।
ইজরায়েলের বিরুদ্ধে তাঁর একটা মামলা রয়েছে আর তিনি জিজ্ঞেস করবেন:
৩ “হে আমার লোকেরা, আমি তোমাদের প্রতি কী করেছি?
আমি এমন কী করেছি যে, তোমরা ক্লান্ত হয়ে পড়েছ?
তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও।
৪ আমি তো তোমাকে মিশর দেশ থেকে বের করে এনেছিলাম,
তোমাকে দাসত্বের দেশ থেকে মুক্ত করেছিলাম।
আমি তোমার আগে আগে মোশি, হারোণ ও মরিয়মকে পাঠিয়েছিলাম।
৫ হে আমার লোকেরা, দয়া করে স্মরণ করো, মোয়াবের রাজা বালাক কী ষড়যন্ত্র করেছিল
আর এতে বিয়োরের ছেলে বিলিয়মের মুখ থেকে কী বের হয়েছিল।
স্মরণ করো, শিটীম থেকে গিল্গল পর্যন্ত কী হয়েছিল,
যাতে তুমি যিহোবার ভালো কাজগুলো সম্বন্ধে জানতে পার।”
৬ আমি কী নিয়ে যিহোবার সামনে আসব?
আমি কী নিয়ে সেই ঈশ্বরের সামনে মাথা নত করব, যিনি উঁচুতে রয়েছেন?
আমি কি হোমবলি নিয়ে,
এক বছর বয়সি বাছুরগুলো নিয়ে তাঁর সামনে আসব?
৭ যিহোবা কি হাজার হাজার পুংমেষে
এবং লক্ষ লক্ষ তেলের নদীতে খুশি হবেন?
আমি কি আমার বিদ্রোহের জন্য আমার প্রথমজাত ছেলেকে,
আমার পাপের জন্য আমার সন্তানকে দিয়ে দেব?
৮ হে মানুষ, তিনি তোমাকে বলেছেন, কোন বিষয়টা ভালো।
যিহোবা তোমার কাছ থেকে কী আশা করেন?*
তিনি কেবল আশা করেন, যেন তুমি ন্যায়বিচার* কর, আনুগত্যকে মূল্যবান হিসেবে দেখ*
এবং বিনয়ী হয়ে তোমার ঈশ্বরের সঙ্গে চল!
৯ যিহোবার গলার আওয়াজ নগরটাকে ডাকছে,
যাদের ব্যাবহারিক প্রজ্ঞা রয়েছে, তারা তোমার নামকে ভয় করবে।
লাঠির প্রতি এবং যিনি সেটাকে নির্ধারণ করেছেন, তাঁর প্রতি মনোযোগ দাও।
১০ মন্দ ব্যক্তির বাড়িতে কি এখনও মন্দতার ধনসম্পদ রয়েছে?
তার কাছে কি এখনও সেই ঠকানোর জন্য ব্যবহৃত ঐফা* পরিমাপ করার পাত্র রয়েছে, যেটা জঘন্য?
১১ আমি যদি প্রতারণাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করি এবং আমার থলিতে ত্রুটিযুক্ত বাটখারা রাখি,
তা হলে আমি কি নৈতিকভাবে শুচি* থাকতে পারি?
১২ কারণ তার ধনী লোকেরা খুবই দৌরাত্ম্যপূর্ণ
আর তার বাসিন্দারা মিথ্যা কথা বলে,
তাদের মুখ প্রতারণাপূর্ণ কথা বলে।
১৩ “তাই, আমি তোমাকে আঘাত করে আহত করব,
তোমার পাপগুলোর কারণে আমি তোমাকে ধ্বংস করে দেব।
১৪ তুমি খাবে, কিন্তু পরিতৃপ্ত হবে না,
তোমার পেট খালিই থেকে যাবে।
তুমি তোমার জিনিসগুলো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে,
কিন্তু সফল হবে না
আর তুমি যেগুলো নিয়ে যাবে, আমি সেগুলো শত্রুদের হাতে তুলে দেব।
১৫ তুমি বীজ বুনবে, কিন্তু শস্য কাটতে পারবে না।
তুমি জলপাই পেষাই করবে, কিন্তু সেই তেল ব্যবহার করতে পারবে না।
তুমি নতুন দ্রাক্ষারস* তৈরি করবে, কিন্তু কোনো দ্রাক্ষারস* পান করতে পারবে না।
১৬ কারণ তোমরা অম্রির নিয়মগুলো পালন কর আর তোমরা আহাবের পরিবারের সমস্ত কাজ অনুকরণ কর
এবং তোমরা তাদের পরামর্শ অনুযায়ী চল।
তাই, আমি তোমার এমন অবস্থা করব যে, লোকেরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়বে
আর আমি তার বাসিন্দাদের এমন অবস্থা করব যে, লোকেরা ঠাট্টা করে শিস দেবে
আর লোকেরা তোমাদের নিয়ে উপহাস করবে।”