মীখা
৪ শেষকালে যিহোবার গৃহের পর্বত
অন্য সমস্ত পর্বতের উপরে দৃঢ়ভাবে স্থাপিত হবে
এবং সেটাকে সমস্ত পাহাড়ের চেয়ে উপরে তোলা হবে
আর বিভিন্ন জাতির লোক স্রোতের মতো সেটার দিকে আসবে।
২ আর অনেক জাতি আসবে ও বলবে:
“এসো, আমরা যিহোবার পর্বতে উঠি
এবং যাকোবের ঈশ্বরের গৃহে যাই।
তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শেখাবেন
আর আমরা তাঁর পথে চলব।”
কারণ সিয়োন থেকে আইন*
এবং জেরুসালেম থেকে যিহোবার বাক্য শেখানো হবে।
৩ তিনি বিভিন্ন জাতির মধ্যে বিচার করবেন
এবং দূরে অবস্থিত শক্তিশালী জাতিগুলোর লোকদের মামলার মীমাংসা করবেন।
তারা তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করবে
আর তাদের বর্শা পিটিয়ে কাস্তে তৈরি করবে।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না,
তারা আর যুদ্ধ শিখবে না।
৪ তারা প্রত্যেকে নিজের আঙুর গাছ এবং নিজের ডুমুর গাছের নীচে বসবে*
আর কেউ তাদের ভয় দেখাবে না
কারণ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।
৫ কারণ সমস্ত জাতির লোক নিজের নিজের দেবতার নামে চলবে,
কিন্তু আমরা চিরকাল ধরে আমাদের ঈশ্বর যিহোবার নামে চলব।
৬ যিহোবা ঘোষণা করেন:
“সেই দিন আমি আমার লোকদের একত্রিত করব, যারা খোঁড়াচ্ছিল,
আমি আমার লোকদের জড়ো করব, যাদের ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়েছিল
আর যাদের সঙ্গে আমি কঠোর আচরণ করেছিলাম।
৭ আমার যে-লোকেরা খোঁড়াচ্ছিল, তাদের মধ্য থেকে কয়েক জনকে আমি বাঁচিয়ে রাখব,
যাদের দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের আমি এক শক্তিশালী জাতি করে তুলব।
যিহোবা তাদের রাজা হবেন
আর সিয়োন পর্বত থেকে তাদের উপর এখন থেকে চিরকাল শাসন করবেন।
৮ হে পালের দুর্গ,
হে সিয়োনের মেয়ের টিলা,
তোমার কাছেই আগের* শাসন ফিরে আসবে,
রাজ্য জেরুসালেমের মেয়ের হবে।
৯ তা হলে, কেন তুমি এখন জোরে চিৎকার করছ?
তোমার কি কোনো রাজা নেই
কিংবা তোমার পরামর্শদাতা কি বিনষ্ট হয়ে গিয়েছে যে,
তুমি মহিলার প্রসববেদনার মতো যন্ত্রণা ভোগ করছ?
১০ হে সিয়োনের মেয়ে,
সন্তানের জন্ম দিচ্ছে এমন মহিলার মতো যন্ত্রণায় ছটফট করো এবং আর্তনাদ করো
কারণ তুমি এখন নগর থেকে বের হয়ে যাবে এবং মাঠে থাকবে।
তুমি ব্যাবিলন পর্যন্ত চলে যাবে
আর সেখানে তোমাকে উদ্ধার করা হবে,
সেখানে যিহোবা তোমার শত্রুদের হাত থেকে তোমাকে আবার কিনে নেবেন।
১১ অনেক জাতি তোমার বিরুদ্ধে একত্রিত হবে,
তারা বলবে, ‘সিয়োনকে কলুষিত করা হোক,
আমাদের চোখ যেন তার প্রতি তা ঘটতে দেখে।’
১২ কিন্তু, তারা যিহোবার চিন্তাভাবনা জানে না,
তারা তাঁর উদ্দেশ্য* বোঝে না।
কারণ তিনি তাদের সদ্য কাটা শস্যের মতোই জড়ো করে শস্য মাড়াই করার জায়গায় নিয়ে আসবেন।
১৩ হে সিয়োনের মেয়ে, ওঠো আর মাড়াই করো।
কারণ আমি তোমার শিংগুলো লোহার শিং করে তুলব
আর আমি তোমার খুরগুলো তামার খুর করে তুলব
আর তুমি বিভিন্ন জাতির লোকদের পিষে দেবে।
তারা অসৎ উপায়ে যে-লাভ করেছে, তুমি তা যিহোবাকে দেবে
এবং তাদের ধনসম্পদ তুমি সারা পৃথিবীর সত্য প্রভুকে দেবে।”