যিহিষ্কেল
৮ ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি যখন আমার বাড়িতে বসে ছিলাম আর যিহূদার প্রাচীনেরা আমার সামনে বসে ছিল, তখন নিখিলবিশ্বের প্রভু যিহোবার হাত আমার উপর এল। ২ আমি যখন তাকিয়ে ছিলাম, তখন আমি আগুনের মতো দেখতে কাউকে দেখলাম। যেটা তার কোমর বলে মনে হচ্ছিল, সেটার নীচের অংশে আগুন জ্বলছিল আর কোমরের উপরের অংশটা চকচকে ধাতুর* মতো উজ্জ্বল দেখাচ্ছিল। ৩ তারপর, তিনি হাতের মতো দেখতে কিছু-একটা বাড়ালেন আর আমার মাথার চুল ধরলেন। আর একটা শক্তি* আমাকে পৃথিবী ও স্বর্গের মাঝখানে তুলে নিয়ে গেল এবং সেটা ঈশ্বরের দর্শনের মাধ্যমে আমাকে জেরুসালেমে নিয়ে গেল। সেটা আমাকে ভিতরের প্রাঙ্গণের সেই দরজার মুখে নিয়ে গেল, যেটা উত্তর দিকে মুখ করে ছিল। সেখানে সেই অপমানজনক মূর্তিটা ছিল, যেটা ঈশ্বরকে রাগিয়ে তোলে।* ৪ আর দেখো! সেখানে ইজরায়েলের ঈশ্বরের মহিমা ছিল, ঠিক যেমনটা আমি উপত্যকার সমভূমিতে দেখেছিলাম।
৫ তারপর, তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, চোখ তুলে একটু উত্তর দিকে তাকাও।” তখন আমি চোখ তুলে উত্তর দিকে তাকালাম আর দেখলাম, বেদির দিকে যাওয়ার সেই দরজার উত্তর দিকে, দরজাটার মুখে সেই মূর্তিটা ছিল, যেটা ঈশ্বরকে রাগিয়ে তোলে।* ৬ তখন তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, তুমি কি দেখতে পাচ্ছ, ইজরায়েলের পরিবার এই জায়গায় কোন কোন মন্দ ও জঘন্য কাজ করছে, যেগুলোর কারণে আমি আমার পবিত্র স্থান থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছি? কিন্তু, তুমি এমন জঘন্য বিষয়গুলো দেখবে, যেগুলো এই কাজগুলোর চেয়েও বেশি মন্দ।”
৭ তারপর, তিনি আমাকে প্রাঙ্গণের প্রবেশস্থানে নিয়ে এলেন আর আমি দেখলাম, দেওয়ালে একটা ফুটো রয়েছে। ৮ তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, এই দেওয়ালটাতে গর্ত করো।” তখন আমি দেওয়ালে গর্ত করলাম আর আমি একটা প্রবেশপথ দেখতে পেলাম। ৯ তিনি আমাকে বললেন: “ভিতরে ঢুকে দেখো, তারা এই জায়গায় কত মন্দ ও জঘন্য কাজ করছে।” ১০ তাই, আমি ভিতরে ঢুকলাম আর দেখলাম, চারিদিকের দেওয়ালে সমস্ত ধরনের সরীসৃপের, অশুচি* পশুর আর ইজরায়েলের পরিবারের সমস্ত জঘন্য মূর্তির* ছবি খোদাই করা আছে। ১১ আর সেগুলোর সামনে ইজরায়েলের পরিবারের ৭০ জন প্রাচীন দাঁড়িয়ে ছিল। তাদের মাঝে শাফনের ছেলে যাসনিয়ও দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে নিজের নিজের ধূপদানি ছিল আর সেগুলো থেকে সুগন্ধি ধূপের ধোঁয়ার মেঘ উপরের দিকে উঠছিল। ১২ তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, তুমি কি দেখতে পাচ্ছ, ইজরায়েলের পরিবারের প্রাচীনেরা এই অন্ধকারে কী করছে? তুমি কি দেখতে পাচ্ছ, এই ভিতরের ঘরগুলো, যেখানে প্রত্যেকের নিজের নিজের মূর্তি রাখা আছে, সেখানে তারা কী করছে? তারা বলছে, ‘যিহোবা আমাদের দেখছেন না, যিহোবা এই দেশটা ছেড়ে চলে গিয়েছেন।’”
১৩ তিনি আমাকে আরও বললেন: “তুমি লোকদের এমন জঘন্য কাজ করতে দেখবে, যেগুলো এই কাজগুলোর চেয়েও বেশি মন্দ।” ১৪ তাই, তিনি আমাকে যিহোবার গৃহের উত্তর দিকের দরজার মুখে নিয়ে এলেন। সেখানে আমি দেখলাম, মহিলারা বসে তম্মুষ দেবতার জন্য কাঁদছে।
১৫ এরপর, তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, তুমি কি এটা দেখতে পাচ্ছ? তুমি এমন জঘন্য বিষয়গুলো দেখবে, যেগুলো এই কাজগুলোর চেয়েও বেশি মন্দ।” ১৬ তাই, তিনি আমাকে যিহোবার গৃহের ভিতরের প্রাঙ্গণে নিয়ে এলেন। সেখানে যিহোবার মন্দিরের প্রবেশপথে, বারান্দা এবং বেদির মাঝখানে প্রায় ২৫ জন পুরুষ ছিল, যারা যিহোবার মন্দিরের দিকে পিঠ করে এবং পূর্ব দিকে মুখ করে ছিল। তারা পূর্ব দিকে সূর্যের কাছে মাথা নত করছিল।
১৭ তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, তুমি কি এটা দেখতে পাচ্ছ? যিহূদার পরিবার যে এই জঘন্য কাজগুলো করছে, দেশটাকে দৌরাত্ম্যে ভরিয়ে দিচ্ছে এবং আমাকে বার বার রাগিয়ে তুলছে, এটা কি কোনো সামান্য বিষয়? দেখো, তারা সেই ডালটা* আমার নাকের কাছে নিয়ে আসছে। ১৮ তাই, আমি তাদের উপর আমার রাগ ঢেলে দেব। আমি একটুও দয়া দেখাব না কিংবা সমবেদনা দেখাব না। তারা জোরে জোরে কাঁদলেও আমি তাদের কথা শুনব না।”