পাঠ ১০৩
“তোমার রাজ্য আসুক”
যিহোবা প্রতিজ্ঞা করেছেন: ‘এমন এক সময় আসবে, যখন কান্না, ব্যথা, রোগব্যাধি কিংবা মৃত্যু আর থাকবে না। আমি তাদের চোখের সমস্ত জল মুছে দেব। আগের খারাপ বিষয়গুলো আর মনে পড়বে না।’
যিহোবা আদম ও হবাকে এদন বাগানে রেখেছিলেন এবং চেয়েছিলেন যেন তারা সুখেশান্তিতে জীবনযাপন করে। তিনি চেয়েছিলেন, তারা যেন তাদের স্বর্গীয় পিতার উপাসনা করে এবং তাদের সন্তান দিয়ে পুরো পৃথিবী পরিপূর্ণ করে। কিন্তু, আদম ও হবা যিহোবার অবাধ্য হন, তবে যিহোবার উদ্দেশ্য কখনো পরিবর্তন হয় না। এই বইয়ে আমরা দেখেছি, যিহোবা যা যা প্রতিজ্ঞা করেছেন, সেই সমস্ত কিছু পরিপূর্ণ হয়েছে। তাঁর রাজ্য এই পৃথিবীর উপর চমৎকার আশীর্বাদ নিয়ে আসবে, ঠিক যেমনটা তিনি অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
শীঘ্রই শয়তানকে, তার মন্দ স্বর্গদূতদের এবং সমস্ত দুষ্ট ব্যক্তিকে ধ্বংস করে দেওয়া হবে। প্রত্যেকে যিহোবার উপাসনা করবে। আমরা কেউই অসুস্থ হব না এবং মারা যাব না। বরং, প্রতিদিন সকালে আমরা পুরো শক্তি নিয়ে ঘুম থেকে জেগে উঠব এবং বেঁচে থাকার আনন্দ উপভোগ করব। পুরো পৃথিবী এক পরমদেশে পরিণত হবে। প্রত্যেকে ভালো ভালো খাবার খেতে পারবে, সবার নিজের বাড়ি থাকবে এবং তারা নিরাপদে বাস করবে। লোকেরা নিষ্ঠুর ও হিংস্র নয়, বরং সদয় হবে। বন্য প্রাণীরা আমাদের ভয় পাবে না আর আমরাও তাদের ভয় পাব না।
যিহোবা যখন লোকদের পুনরুত্থিত করবেন, তখন সত্যিই সেটা অনেক চমৎকার হবে। আমরা বাইবেলের সময়ের লোকদের যেমন, হেবল, নোহ, অব্রাহাম, সারা, মোশি, রূৎ, ইষ্টের ও দায়ূদকে স্বাগত জানাব। তারাও আমাদের সঙ্গে এই পৃথিবীকে পরমদেশে পরিণত করার কাজে অংশ নেবে। আমরা সবসময় এমন অনেক কাজ করতে পারব, যেগুলো করে আমাদের খুব ভালো লাগবে।
যিহোবা চান যেন তুমি সেখানে থাক। সেখানে তুমি তাঁর সম্বন্ধে এমন অনেক কিছু শিখবে, যা এর আগে তুমি কখনো চিন্তাও করনি। তাই এসো, আমরা প্রতিদিন যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে চলি—এখন এবং চিরকাল ধরে!
“হে আমাদের ঈশ্বর যিহোবা, তুমিই গৌরব ও সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমিই সমস্ত কিছু সৃষ্টি করেছ।”—প্রকাশিত বাক্য ৪:১১