ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 নভেম্বর পৃষ্ঠা ২-৭
  • যিহোবাকে খুশি করার জন্য নিজের বিবেককে প্রশিক্ষিত করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবাকে খুশি করার জন্য নিজের বিবেককে প্রশিক্ষিত করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার বিবেক আপনাকে সুরক্ষিত রাখতে পারে
  • যিহোবার ইচ্ছা কী, তা বোঝার চেষ্টা করুন
  • চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করুন
  • আপনার বিবেককে খারাপ বিষয়গুলো থেকে রক্ষা করুন
  • যিহোবাকে আপনার বিবেককে প্রশিক্ষিত করতে দিন
  • কীভাবে আপনি এক উত্তম বিবেক বজায় রাখতে পারেন?
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • আপনার বিবেক কি সুশিক্ষিত?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেলের নীতি ব্যবহার করে আপনার বিবেককে প্রশিক্ষিত করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • কীভাবে আমি আমার বিবেককে প্রশিক্ষিত করতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 নভেম্বর পৃষ্ঠা ২-৭

জানুয়ারি ৪-১০, ২০২৭

গান ৩৬ আমরা আমাদের হৃদয়কে রক্ষা করি

যিহোবাকে খুশি করার জন্য নিজের বিবেককে প্রশিক্ষিত করুন

“যিহোবার ইচ্ছা কী, তা সবসময় বোঝার চেষ্টা করো।” —ইফি. ৫:১৭.

আমরা কী শিখব?

আমরা কীভাবে আমাদের বিবেককে প্রশিক্ষিত করতে এবং সুরক্ষিত রাখতে পারি, যাতে এটা যিহোবার ইচ্ছা বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করতে পারে?

১. বিবেক কী আর এটার মাধ্যমে কীভাবে আমরা যিহোবাকে খুশি করতে পারি?

যিহোবা আমাদের একটা দারুণ উপহার দিয়েছেন আর সেটা হল আমাদের বিবেক। এটা এমন এক ক্ষমতা, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি, আমাদের চিন্তাভাবনা ও কাজ সঠিক না ভুল। (রোমীয় ২:১৪, ১৫) আমাদের বিবেক যখন ভালো বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়, তখন আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি, যেটা যিহোবাকে খুশি করে। কিন্তু, আমাদের এও মনে রাখতে হবে যে, আমাদের বিবেক খারাপ বিষয়গুলোর দ্বারাও প্রভাবিত হতে পারে।

২. আমাদের বিবেক কীভাবে আমাদের সাহায্য করে?

২ একজন ব্যক্তি যখন তার বিবেককে বাইবেল অনুযায়ী প্রশিক্ষিত করেন, তখন তার বিবেক তাকে বুঝতে সাহায্য করে, তার কাজ সঠিক না ভুল। শুধু তা-ই নয়, তার বিবেক তাকে এটাও বুঝতে সাহায্য করে যে, তাকে খারাপ বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে এবং “যা ভালো, তাতে আসক্ত” থাকতে হবে। (রোমীয় ১২:৯) এই প্রবন্ধে আমরা জানতে পারব, আমাদের বিবেক কীভাবে আমাদের সুরক্ষিত রাখতে পারে। আর আমরা এও জানব, কোন বিষয়গুলো আমাদের বিবেকের উপর প্রভাব ফেলতে পারে।

আপনার বিবেক আপনাকে সুরক্ষিত রাখতে পারে

৩-৪. (ক) আমাদের বিবেক এবং স্মোক ডিটেক্টারের মধ্যে কোন মিল এবং কোন পার্থক্য রয়েছে? (ছবিও দেখুন।) (খ) বাইবেল প্রশিক্ষিত বিবেক কীভাবে আপনাকে বিপদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে?

৩ আমাদের বিবেক ঠিক একটা স্মোক ডিটেক্টার বা ফায়ার অ্যালার্মের মতো কাজ করে। একটা স্মোক ডিটেক্টারের চারপাশে ধোঁয়া থাকলে সেটা জোরে জোরে বাজতে শুরু করে। কিন্তু, সেই অ্যালার্ম বাজার আগেই আগুন লেগে কিছুটা ক্ষতি হয়ে যায়। আমাদের বিবেকও এই স্মোক ডিটেক্টারের মতো আমাদের বিপদ সংকেত দেয়। কিন্তু, বাইবেল প্রশিক্ষিত বিবেক একটা স্মোক ডিটেক্টারের চেয়ে আরও ভালোভাবে কাজ করে। এটা আমাদের কোনো খারাপ কাজ করার আগেই জানিয়ে দেয় যে, এই কাজটা সঠিক নয় আর এটা করলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এভাবে এটা আমাদের আসন্ন বিপদের বিষয়ে সতর্ক করে দেয় আর এমন যেকোনো পদক্ষেপ নেওয়ার হাত থেকে আমাদের আটকায়, যেগুলোর ফলে আমরা গুরুতর পাপ করে ফেলতে পারি।

৪ এটা বোঝার জন্য আসুন, একটা উদাহরণের উপর মনোযোগ দিই। ধরুন, একজন অল্পবয়সি ভাই একটা নতুন জায়গায় গিয়ে থাকতে শুরু করেছে। সে তার নতুন মণ্ডলীতে বন্ধু খুঁজে পেতে চায়। সেখানে তার বয়সি আরও অনেক ভাই রয়েছে। তারা তাকে একসঙ্গে মেলামেশা করার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু, সে যখন সেখানে যায়, তখন সেখানে কিছু ভাইয়ের আচরণ দেখে অবাক হয়ে যায়। সে দেখে, তারা খারাপ কথাবার্তা বলছে এবং অতিরিক্ত মদ্যপান করছে। এখন সেই ভাই কি সেই অল্পবয়সিদের সঙ্গে বন্ধুত্ব করবে? একেবারেই না। কারণ তার বিবেক তাকে আগে থেকেই সতর্ক করে দেবে যে, এমনটা করলে তার পরিণতি খারাপ হতে পারে। এভাবে, সে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে নিজেকে আটকাতে পারবে, যেটার ফলে সে কোনো গুরুতর পাপ করে ফেলতে পারে।—যাকোব ১:১৪, ১৫.

একজন ব্যক্তি বাসন ধোয়ার সময় স্মোক ডিটেক্টারের আওয়াজ শুনে চমকে যান। তিনি ওভেনের দিকে তাকান আর দেখেন, সেটা থেকে ধোঁয়া বের হচ্ছে।

আমাদের বিবেক একটা স্মোক ডিটেক্টারের চেয়ে আরও ভালোভাবে কাজ করে (৩ অনুচ্ছেদ দেখুন)


৫-৬. আদম ও হবা কেন ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন?

৫ কখনো কখনো যিহোবা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনটা ঠিক এবং কোনটা ভুল। (যিশা. ৩৩:২২) তিনি আদম ও হবাকেও এই বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন, তারা যেন সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খায়। (আদি. ২:১৭) ঈশ্বর এমনকী তাদের এই গাছটা ছুঁতেও নিষেধ করেছিলেন। (আদি. ৩:৩) কিন্তু, এরপর একটা সাপ এসে হবাকে বলে যে, হবা যদি ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হন, তা হলে তিনি আরও সুখী হবেন। সেই সময় হবার বিবেক নিশ্চয়ই তাকে জানিয়েছিল যে, তিনি যেন এমনটা না করেন। কিন্তু, হবা তার বিবেকের কথা শোনেননি। হবা জানতেন যে, সেই ফলটা খাওয়া অন্যায়, কিন্তু তারপরও তিনি শয়তানের কথা শোনেন এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন।

৬ আদমের বিষয়ে কী বলা যায়? বাইবেল বলে, আদম সাপের মাধ্যমে “প্রতারিত হননি।” (১ তীম. ২:১৪) তিনি তার স্ত্রীর কথা শুনেছিলেন। যদিও হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, কিন্তু আদমের বিবেক তাকে নিশ্চয়ই জানিয়েছিল যে, তাকে ঈশ্বরের বাধ্য হতে হবে। কোনটা সঠিক, তা জানা সত্ত্বেও আদম তার বিবেকের কথা শোনেননি। তিনি সেই ফলটা খেয়ে নেন। এভাবে আমাদের আদি পিতা-মাতা যখন ঈশ্বরের অবাধ্য হন, তখন ‘পাপ জগতে প্রবেশ করে এবং মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, কারণ তারা সকলেই পাপ করে।’ (রোমীয় ৫:১২) আমরা তাদের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। আমরা যদি পাপ করা থেকে দূরে থাকতে চাই, তা হলে আমাদের অবশ্যই বিবেকের কথা শুনতে হবে।

যিহোবার ইচ্ছা কী, তা বোঝার চেষ্টা করুন

৭. ইফিষীয় ৫:১৫-১৭ পদে দেওয়া পরামর্শ থেকে আমরা কী শিখতে পারি?

৭ যিহোবা কখনো কখনো আমাদের স্পষ্টভাবে জানান যে, কোনটা সঠিক এবং কোনটা ভুল, ঠিক যেমন তিনি আদম ও হবাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে তিনি আমাদের এটা বলে দেন না যে, আমাদের কী করা উচিত। তাই, আমাদের ‘যিহোবার ইচ্ছা কী, তা সবসময় বোঝার চেষ্টা করতে হবে।’ (পড়ুন, ইফিষীয় ৫:১৫-১৭.) আর তা হলেই, আমরা এমন সিদ্ধান্ত নিতে পারব, যেটা তাঁকে খুশি করবে এবং আমরা এমন কোনো পদক্ষেপ নেওয়া এড়াতে পারব, যেটা তাঁকে দুঃখ দেবে। যিহোবার ইচ্ছা কী, তা বুঝতে এবং সঠিক কাজ করতে কী আমাদের সাহায্য করতে পারে? আমাদের বিবেক।

৮. কেন একই পরিস্থিতিতে দু-জন খ্রিস্টান আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারে আর কীভাবে তাদের দু-জনেরই বিবেক শুদ্ধ থাকে?

৮ আমাদের যখন এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়, যে-বিষয়ে বাইবেলে সরাসরি কোনো আইন দেওয়া হয়নি, তখন আমরা কী করতে পারি? এইরকম পরিস্থিতিতে, আমাদের বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের চিন্তা করতে হবে যে, আমরা এই সিদ্ধান্ত কেন নিতে চাইছি এবং এই সিদ্ধান্তের বিষয়ে আমাদের আশেপাশের লোকেরা কী চিন্তা করবে। এই বিষয়গুলো মাথায় রেখে দু-জন খ্রিস্টান একই পরিস্থিতিতে আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু, তারা দু-জনেই যদি বাইবেলের নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তা হলে তাদের দু-জনের বিবেক শুদ্ধ থাকবে এবং যিহোবাও তাদের দেখে খুশি হবেন।

৯. গালাতীয় ৬:৪ পদের নীতি মাথায় রেখে দু-জন ভাই কেন টোস্টিং করার বিষয়ে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছে? (ছবিগুলোও দেখুন।)

৯ দুটো পরিস্থিতি নিয়ে একটু চিন্তা করুন। দু-জন ভাই আলাদা আলাদা দেশে থাকে এবং তারা তাদের অফিসের লোকদের সঙ্গে একটা পার্টিতে গিয়েছে। সেই পার্টিতে তাদের বস সবার সামনে নিজের মদের গ্লাস উপরে তোলেন এবং কিছু বলেন। এই দু-জন ভাই যে-দেশগুলোতে থাকে, সেখানে টোস্টিং বা একে অপরের গ্লাসের সঙ্গে গ্লাস ঠেকানোকে ভালো বিষয় বলে মনে করা হয়। এমনটা করা দেখায় যে, একজন ব্যক্তি অন্যদের সঙ্গে সেই আনন্দে অংশ নিচ্ছেন। একজন ভাই আনন্দ সহকারে অফিসের বাকি লোকদের সঙ্গে টোস্টিং করেন কারণ তাদের কোম্পানি এক বড়ো সাফল্য লাভ করেছে। কিন্তু, আরেকজন ভাই তার অফিসের পার্টিতে টোস্টিং করেননি, কারণ তিনি মনে করেন, ‘আমার বস সবেমাত্র অনেক বাড়িয়ে-চাড়িয়ে দেশের প্রশংসা করেছেন। তাই, আমি যদি এখন টোস্টিং করি, তা হলে আমি নিরপেক্ষতা বজায় রাখতে পারব না।’ এই দু-জন ভাই আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা দু-জনেই যিহোবার ইচ্ছা কী, সেটার উপর মনোযোগ দিয়েছে এবং তাঁকে খুশি করার চেষ্টা করেছে।—পড়ুন, গালাতীয় ৬:৪.

কোলাজ: দু-জন ভাই টোস্টিং-এর বিষয়ে তাদের বিবেকের উপর ভিত্তি করে ব্যক্তিগত সিদ্ধান্ত নেন। ১. একজন ভাই তার সহকর্মীদের সঙ্গে ডিনার করার সময় টোস্টিং করছেন, কারণ তাদের কোম্পানি এক বড়ো সাফল্য লাভ করেছে। ২. আরেকজন ভাই টোস্টিং করছেন না, কারণ তার বস পতাকার দিকে হাত দেখিয়ে কিছু বলছেন।

আমরা যখন বুঝতে পারি না যে, কোনো পরিস্থিতিতে কী করা ঠিক হবে, তখন বাইবেল প্রশিক্ষিত বিবেক আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে (৯ অনুচ্ছেদ দেখুন)a


চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করুন

১০-১১. “শক্ত খাবার” খাওয়ার মাধ্যমে কীভাবে একজন খ্রিস্টান নিজের বিবেককে প্রশিক্ষিত করতে পারেন? (ইব্রীয় ৫:১৩, ১৪)

১০ ইব্রীয় ৫:১৩, ১৪ পদে বিবেক শব্দটা ব্যবহার করা হয়নি, কিন্তু এখানে যে-বিষয়গুলো বলা হয়েছে, সেগুলো আসলে বিবেককেই নির্দেশ করে। (পড়ুন।) কেন আমরা এমনটা বলতে পারি? কারণ, এখানে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার বিষয়ে বলা হয়েছে আর এই কাজটা আমাদের বিবেকই করতে পারে। আমরা আমাদের বিবেককে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য প্রশিক্ষিত করতে পারি। কিন্তু প্রশ্ন হল, আমরা এটা কীভাবে করতে পারি? শক্ত খাবার খাওয়ার মাধ্যমে। কিন্তু, শক্ত খাবার খাওয়ার অর্থ কী?

১১ ‘শক্ত খাবারের’ অর্থ হল, আমাদের বাইবেলের মৌলিক শিক্ষাগুলো ছাড়াও সেই বিষয়গুলো শিখতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা যিহোবার চিন্তাভাবনা বুঝতে পারব। (১ করি. ২:১৪, ১৫) এর মধ্যে বাইবেলের নীতিগুলোও অন্তর্ভুক্ত। যখন কোনো বিষয়ে বাইবেলে সরাসরি কোনো আইন দেওয়া হয় না, তখন একজন খ্রিস্টান এটা দেখেন যে, সেই বিষয়ে বাইবেলে কোন নীতি দেওয়া রয়েছে। আর এরপর তিনি সেই নীতি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেন, যেটা দেখে যিহোবা খুশি হবেন।—হিতো. ২:৪, ৫.

১২. নিজেদের বিবেককে প্রশিক্ষিত করার বিষয়ে ইব্রীয় ৫:১৪ পদে আর কী বলা হয়েছে?

১২ “পূর্ণবয়স্ক” বা পরিপক্ব খ্রিস্টানেরা বাইবেলের নীতি অনুযায়ী নিজেদের বিবেককে প্রশিক্ষিত করে। তারা যিহোবা এবং তাঁর চিন্তাভাবনাকে ভালোভাবে বোঝে, তাই তারা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা জানে যে, সেই বিষয়ে যিহোবার কেমন লাগবে। এই পরিপক্ব খ্রিস্টানেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় বাইবেলের নীতি নিয়ে চিন্তা করে। এভাবে, তারা তাদের চিন্তা করার ক্ষমতাকে “ক্রমাগত ব্যবহার করার মাধ্যমে,” সেটাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য প্রশিক্ষিত করে তোলে।

আপনার বিবেককে খারাপ বিষয়গুলো থেকে রক্ষা করুন

১৩. আমরা যদি আমাদের বিবেককে প্রশিক্ষিত না করি, তা হলে কী হতে পারে?

১৩ আমাদের বিবেক তখনই আমাদের সঠিক পথ দেখাবে, যখন আমরা সেটাকে বাইবেলের নীতি অনুযায়ী প্রশিক্ষিত করব। আমরা যদি তা না করি, তা হলে আমাদের বিবেক খারাপ বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হবে। (১ তীম. ৪:১, ২) যেমন, আমাদের কাছে মিথ্যা শিক্ষাগুলোকে, পক্ষপাত করাকে এবং মন্দ আকাঙ্ক্ষাগুলোকে খারাপ বলে মনে হবে না। (যিশা. ৫:২০) এ ছাড়া, আমাদের বিবেকের উপর উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ এবং জগতের মনোভাবের মন্দ প্রভাব পড়তে পারে। এই কারণে আমরা লোভী, অহংকারী এবং স্বার্থপর হয়ে উঠতে পারি। আর যদি আমাদের বিবেক এই ধরনের খারাপ বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়, তা হলে সেটা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারবে না আর এটা আমাদের সঠিক পথও দেখাবে না।

১৪. (ক) আদম ও হবা হয়তো কোন কারণে নিজেদের বিবেকের কথা শোনেননি? (খ) এমন কিছু ব্যক্তির বিষয়ে বলুন, যারা নিজেদের বিবেককে প্রশিক্ষিত করেনি। (“তারা নিজেদের বিবেককে প্রশিক্ষিত করেনি” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৪ হবার প্রতি ঠিক এমনই কিছু ঘটেছিল। তিনি জানতেন, কোনটা সঠিক এবং কোনটা ভুল, তারপরও তিনি নিজের বিবেকের কথা শোনেননি। কেন? হবা হয়তো লোভ ও অহংকারকে নিজের উপর প্রভাব ফেলতে দিয়েছিলেন। তিনি হয়তো মনে করেছিলেন, তিনি নিজেই সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারবেন। এ ছাড়া, হবা ঈশ্বরের মতো হতে চেয়েছিলেন। অপর দিকে, আদমও স্বার্থপর হয়ে গিয়েছিলেন। তিনি নিজের বিবেকের কথা শোনেননি আর ঈশ্বরকে খুশি করার পরিবর্তে তিনি তার স্ত্রীর কথা শুনেছিলেন। বাইবেলে এমন অনেক ব্যক্তির বিবরণ রয়েছে, যাদের যিহোবা সম্বন্ধে সঠিক জ্ঞান ছিল, কিন্তু তারা লোভ, অহংকার এবং স্বার্থপরতার মতো খারাপ বিষয়গুলোকে নিজেদের বিবেকের উপর প্রভাব ফেলতে দিয়েছিল। সেইজন্য, তারা ভুল পদক্ষেপ নিয়েছিল।

তারা নিজেদের বিবেককে প্রশিক্ষিত করেনি

বাইবেলে এমন কিছু ব্যক্তির বিষয়ে বলা হয়েছে, যারা যিহোবার সেবা করত, কিন্তু পরে তারা লোভী, অহংকারী এবং স্বার্থপর হয়ে উঠেছিল আর এই কারণে তাদের বিবেক তাদের সঠিক পথ দেখায়নি।

  • ইজরায়েলীয়েরা (গীত. ১০৬:৭, ১৩, ১৪)

  • রাজা শলোমন (১ রাজা. ১১:১-১০)

  • রাজা উষিয় (২ বংশা. ২৬:৩-১৯)

  • গেহসি (২ রাজা. ৫:২০-২৭)

  • ঈষ্করিয়োতীয় যিহূদা (যোহন ১২:২-৭)

  • অননিয় ও সাফীরা (প্রেরিত ৫:১-১০)

১৫. আমাদের বিবেকের উপর আর কোন বিষয়টা প্রভাব ফেলতে পারে এবং বাইবেল আমাদের কী করার জন্য পরামর্শ দেয়?

১৫ আমরা যদি এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করি, যারা যিহোবাকে সম্মান করে না, তা হলে আমাদের হয়তো সেই বিষয়গুলোকে সঠিক বলে মনে হবে, যেগুলোকে আমাদের বিবেক ভুল বলে চিহ্নিত করে। যারা ঈশ্বরকে ভালোবাসে না এবং সঠিক ও ভুলের বিষয়ে তাঁর নৈতিক মান মেনে চলে না, তারা আমাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। (১ করি. ১৫:৩৩) তাই বাইবেল বলে, আমরা যেন এমন লোকদের কাছ থেকে “দূরে” থাকি, যারা “নিজেদের অসার চিন্তাভাবনা অনুযায়ী চলে” এবং যাদের “মন অন্ধকারে রয়েছে।”—ইফি. ৪:১৭-১৯; ২ তীম. ৩:১-৫.

যিহোবাকে আপনার বিবেককে প্রশিক্ষিত করতে দিন

১৬. বিশেষ করে কোন পরিস্থিতিতে আমাদের বিবেক আমাদের সাহায্য করতে পারে?(“বাইবেল প্রশিক্ষিত বিবেক কীভাবে কাজ করে?” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৬ আমরা কেউই নিখুঁত নই, কিন্তু তারপরও আমাদের বিবেক আমাদের সঠিক পথ দেখাতে পারে। এটা আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে, কীভাবে আমরা যিহোবাকে খুশি করতে পারি। কিছু কিছু বিষয়ে বাইবেলে সরাসরি বলা হয়নি, আমাদের কী করা উচিত। এইরকম পরিস্থিতিতে আমাদের বিবেক আমাদের সাহায্য করতে পারে। (১ করি. ১০:৩১) কিন্তু, এটা আমাদের তখনই সাহায্য করবে, যখন আমরা এটাকে বাইবেলের নীতি অনুযায়ী প্রশিক্ষিত করব। আমরা যখন সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করা শিখে যাই, তখন আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি এবং যিহোবাকে খুশি করতে পারি।

বাইবেল প্রশিক্ষিত বিবেক কীভাবে কাজ করে?

  • বাইবেল প্রশিক্ষিত বিবেক একজন খ্রিস্টানকে নিজেকে অতিরিক্ত বিজ্ঞ হিসেবে দেখা থেকে দূরে থাকতে সাহায্য করে।—উপ. ৭:১৬.

  • একজন খ্রিস্টানের বিবেক যদি ভালোভাবে প্রশিক্ষিত হয়, তা হলে তিনি নিজের মধ্যে অতিরিক্ত ভুল খুঁজবেন না, কারণ এমনটা করলে তিনি হতাশায় ডুবে যেতে পারেন এবং নিজেকে অনেক দোষী বলে মনে করতে পারেন।—গীত. ৩৮:৪; ১৩০:৩, ৪.

  • যিহোবা আমাদের এই কারণে বিবেক দেননি যে, আমরা অন্যদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি বরং তিনি আমাদের বিবেক দিয়েছেন, যাতে আমরা নিজেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।—রোমীয় ১৪:১০-১২; যাকোব ৪:১২.

  • পরিপক্ব খ্রিস্টানেরা জানে যে, প্রত্যেকের নিজেদের বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং তারা অন্যদের সিদ্ধান্তকে সম্মান করে।—গালা. ৬:৪, ৫.

  • বাইবেলে যখন কোনো বিষয়ে সরাসরি কিছু বলা থাকে না, তখন আমাদের বিবেক এমন সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করতে পারে, যেটা যিহোবাকে খুশি করবে।—উপ. ১২:১৪.

  • আমাদের বিবেক যদি ভালোভাবে প্রশিক্ষিত হয়, তা হলে আমরা এমন কিছু করব না, যেটার ফলে মণ্ডলীতে কেউ বিঘ্ন পেতে পারে।—মথি ১৮:৬; ১ করি. ৮:১২, ১৩.

১৭. যিহোবা কীভাবে আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারেন? (রোমীয় ১২:২)

১৭ আমরা যদি যিহোবার কাছ থেকে শেখার জন্য প্রস্তুত থাকি, তা হলে তিনি আমাদের প্রশিক্ষিত করতে পারেন এবং আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারেন। এভাবে, আমরা যিহোবার মতো চিন্তা করা শিখতে পারি। (যিশা. ৬৪:৮; পড়ুন, রোমীয় ১২:২.) কিন্তু, যিহোবা কীভাবে আমাদের শেখান? বাইবেলে যিহোবা নিজের বিষয়ে অনেক কিছু লিখিয়েছেন এবং জানিয়েছেন যে, তিনি তাঁর লোকদের সঙ্গে কীভাবে আচরণ করেন। সেই বিবরণগুলো পড়ার মাধ্যমে আমরা যিহোবার চিন্তাভাবনা বুঝতে পারি। (২ তীম. ৩:১৬) আর সবচেয়ে বড়ো বিষয় হল, আমরা যিশুর জীবন এবং তাঁর শিক্ষাগুলো নিয়ে অধ্যয়ন করার মাধ্যমে যিহোবার চিন্তাভাবনা বুঝতে পারি।—১ করি. ২:১৬.

১৮. সুখী হওয়ার জন্য এবং এক “শুদ্ধ বিবেক” নিয়ে যিহোবার সেবা করার জন্য আমাদের কী করতে হবে?

১৮ আমাদের বিবেক যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এরজন্য আমাদের এটাকে সমস্ত ধরনের খারাপ প্রভাব থেকে দূরে রাখতে হবে। আমাদের ঈশ্বরের বাক্য নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য নিজেদের চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করতে হবে। (গীত. ১:১-৩) আমরা যদি তা করি, তা হলে আমরা সুখী হব এবং এক “শুদ্ধ বিবেক” নিয়ে যিহোবার সেবা করতে পারব।—২ তীম. ১:৩.

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • বিবেক কী আর এটার মাধ্যমে কীভাবে আমরা যিহোবাকে খুশি করতে পারি?

  • ইব্রীয় ৫:১৪ পদ থেকে আমরা বিবেকের বিষয়ে কী শিখতে পারি?

  • যখন কোনো বিষয়ে বাইবেলে সরাসরি কোনো আইন দেওয়া থাকে না, তখন বিবেক কীভাবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে?

গান ১৫৯ যিহোবাকে গৌরব দিই

a ছবি সম্বন্ধে বর্ণনা: প্রথম ছবিতে, একজন ভাই অন্যদের সঙ্গে টোস্টিং করছেন আর এমনটা করাকে তিনি ভুল বলে মনে করছেন না। দ্বিতীয় ছবিতে, আরেকজন ভাই টোস্টিং করছেন না কারণ তিনি মনে করছেন, তিনি যদি এমনটা করেন, তা হলে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার