বাইবেলের পদের ব্যাখ্যা
যোহন ১৪:৬—“আমিই পথ ও সত্য ও জীবন”
“যিশু তাকে বললেন: “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মধ্য দিয়ে না এলে, কেউ পিতার কাছে আসতে পারে না।”—যোহন ১৪:৬, নতুন জগৎ অনুবাদ।
“যীশু তাঁহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।”—যোহন ১৪:৬, দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।
যোহন ১৪:৬ পদের অর্থ কী?
যে-ব্যক্তি পিতা যিহোবাa ঈশ্বরকে উপাসনা করতে চান, তাকে এটা বুঝতে হবে যে, যিহোবার উপাসনায় যিশুর একটা মুখ্য ভূমিকা রয়েছে।
“আমিই পথ।” যিশু আমাদের সেই “পথ” দেখান, যেটার মাধ্যমে আমরা গ্রহণযোগ্য উপায়ে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। যেমন, যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাদের যিশুর নামে প্রার্থনা করা উচিত। (যোহন ১৬:২৩, ২৪) যিশুর মৃত্যুর কারণে আমরা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হতে পারি অথবা ঈশ্বরের অনুগ্রহ পেতে পারি। (রোমীয় ৫:৮-১১) এ ছাড়া, যিশু তাঁর আচার-আচরণের মাধ্যমে ঈশ্বরকে খুশি করেছিলেন আর আমাদেরও সেই একই উপায়ে ঈশ্বরকে খুশি করতে হবে।—যোহন ১৩:১৫.
“আমিই … সত্য।” যিশু সবসময় সত্যি কথা বলেছিলেন এবং সত্যের সঙ্গে মিল রেখে জীবনযাপন করেছিলেন। (১ পিতর ২:২২) একজন ব্যক্তি যদি যিশুর কথা শোনেন, তা হলে তিনি ঈশ্বর সম্বন্ধে সত্য শিখতে পারবেন। (যোহন ৮:৩১, ৩২) এ ছাড়া, যিশু এইজন্যও “সত্য” কারণ তিনি বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো পরিপূর্ণ করেছিলেন। এইভাবে যিশু ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো বাস্তব করে তুলেছিলেন।—যোহন ১:১৭; ২ করিন্থীয় ১:১৯, ২০; কলসীয় ২:১৬, ১৭.
“আমিই … জীবন।” যিশু নিজের জীবন বলিদান হিসেবে দিয়েছিলেন, যাতে যে-কেউ তাঁর উপর বিশ্বাস করে, সে অনন্তজীবন লাভ করতে পারে। (যোহন ৩:১৬, ৩৬) এ ছাড়া, যারা মারা গিয়েছে, তাদের জন্যও তিনি এই অর্থে “জীবন” যে, তিনি সেই মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করবেন।—যোহন ৫:২৮, ২৯; ১১:২৫.
“আমার মধ্য দিয়ে না এলে, কেউ পিতার কাছে আসতে পারে না।” যারা ঈশ্বরের সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে চায়, তাদের অবশ্যই যিশুর এই বিশেষ ভূমিকা স্বীকার করতে হবে। যিশুর নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে তারা তা করে থাকে আর এভাবে তারা দেখায় যে, তারা যিশুর কর্তৃত্বকে স্বীকার করে। (যোহন ১৫:১৬) এ ছাড়া, সেই ব্যক্তিরা এটাও স্বীকার করে যে, একমাত্র যিশুর কারণে পরিত্রাণ পাওয়া সম্ভব।—প্রেরিত ৪:১২; ফিলিপীয় ২:৮-১১.
যোহন ১৪:৬ পদের প্রসঙ্গ কী?
যোহন ১৩ থেকে ১৭ অধ্যায়ে যিশুর সেই পরামর্শগুলো রয়েছে, যেগুলো তিনি মারা যাওয়ার আগের রাতে তাঁর ১১ জন বিশ্বস্ত প্রেরিতকে দিয়েছিলেন। যোহন ১৪ অধ্যায়ে যিশু তাঁর শিষ্যদের উৎসাহ দিয়েছিলেন, যাতে তারা তাঁর এবং তাঁর পিতার প্রতি বিশ্বাস দেখায় আর সেইসঙ্গে তাঁদের ভালোবাসে এবং বাধ্য থাকে। (যোহন ১৪:১, ১২, ১৫-১৭, ২১, ২৩, ২৪) যিশু তাদের কাছে প্রকাশ করেছিলেন যে, ঈশ্বরের সঙ্গে তাঁর এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এখনও রয়েছে। (যোহন ১৪:১০, ২০, ২৮, ৩১) যদিও, যিশু খুব শীঘ্রই স্বর্গে ফিরে যাবেন, তবুও তিনি তাঁর শিষ্যদের এই আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তাদের একা ছেড়ে দেবেন না। (যোহন ১৪:১৮) যিশু তাঁর শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি তাদের জন্য এক “সাহায্যকারী” পাঠাবেন। যিশু তাদের বলেছিলেন, এটা হল, “সেই পবিত্র শক্তি, যা পিতা আমার নামে পাঠাবেন।” (যোহন ১৪:২৫-২৭) এভাবে এবং অন্যান্য উপায়ে, যিশু তাঁর অনুসারীদের ভবিষ্যতে আসা বিভিন্ন সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত করেছিলেন।