শুক্রবার, ৪ সেপ্টেম্বর
যিহোবা ভণ্ড ব্যক্তিকে ঘৃণা করেন, কিন্তু সৎ ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।—হিতো. ৩:৩২, NW.
হৃদয়ে সত্যি কথা বলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা বাইবেলের একটা ঘটনা থেকে ভালোভাবে বুঝতে পারি। লক্ষ করুন, ফিলিপ যখন তার বন্ধু নথনেলকে যিশুর কাছে নিয়ে এসেছিলেন, তখন কী ঘটেছিল। নথনেলের সঙ্গে যিশুর আগে কখনো দেখা হয়নি। কিন্তু, তিনি নথনেলের বিষয়ে বলেছিলেন, “ওই দেখো, একজন প্রকৃত ইজরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনা নেই।” (যোহন ১:৪৭) যিশু নথনেলের মধ্যে বিশেষ কিছু লক্ষ করেছিলেন। যদিও আমাদের মতো নথনেল অসিদ্ধ ছিলেন, কিন্তু তিনি লোক-দেখানো কাজ করতেন না। তিনি বাইরে থেকে যেমন, ভিতর থেকেও তেমন ছিলেন। নথনেলের এই বিষয়টা যিশুর খুবই ভালো লেগেছিল। তাই, যিশু তার প্রশংসা করেছিলেন। যিহোবাকে খুশি করার বিষয়ে গীতসংহিতার ১৫ গীতে যা বলা রয়েছে, সেটার বেশিরভাগই হল, যিহোবার বন্ধুরা একে অন্যের সঙ্গে কীভাবে আচরণ করবে। যেমন ৩ পদে বলা রয়েছে, যিহোবার তাঁবুর অতিথিরা ‘অন্যদের বদনাম করে না, নিজেদের প্রতিবেশীর কোনো ক্ষতি করে না এবং নিজেদের বন্ধুদের সুনাম নষ্ট করে না।’ তাই, আমরা যদি ভেবে-চিন্তে কথা না বলি, তা হলে এর পরিণতি অনেক খারাপ হতে পারে আর আমরা অন্যদের আঘাত দিয়ে ফেলতে পারি।—যাকোব ১:২৬. প্রহরীদুর্গ ২৪.০৬ ১০ অনু. ৭, ৯; ১১ অনু. ১০
শনিবার, ৫ সেপ্টেম্বর
প্রভু, আপনার নামে এমনকী মন্দ স্বর্গদূতেরাও আমাদের বশীভূত হয়।—লূক ১০:১৭.
আপনি যদি প্রচারের জন্য ভালোভাবে প্রস্তুতি নেন, তা হলে আপনি ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সহজেই লোকদের সঙ্গে কথা বলতে পারবেন। যিশু তাঁর শিষ্যদের প্রচারে পাঠানোর আগে কিছু বিষয় বলেছিলেন। তিনি তাদের শিখিয়েছিলেন যে, তাদের কী বলতে হবে এবং কী করতে হবে। (লূক ১০:১-১১) তারা যখন সেগুলো কাজে লাগিয়েছিল, তখন তারা ভালো ফলাফল লাভ করেছিল এবং অনেক আনন্দিত হয়েছিল। (লূক ১০:১৭) আমরাও প্রচারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। আমরা আগে থেকে চিন্তা করে রাখতে পারি যে, লোকদের সঙ্গে আমরা কী নিয়ে কথা বলব আর কীভাবে তা বোঝাব। আমরা এই বিষয়ে চিন্তা করতে পারি, আমাদের কথা শুনে লোকেরা কী বলতে পারে আর আমরা উত্তরে তাদের কী বলতে পারি। এভাবে প্রস্তুতি নেওয়ার পর আমরা যখন প্রচারে যাব, তখন আমরা ঘাবড়ে যাব না বরং হাসিমুখে তার সঙ্গে কথা বলতে পারব। প্রহরীদুর্গ ২৪.০৪ ১৫-১৬ অনু. ৬-৭
রবিবার, ৬ সেপ্টেম্বর
হে আমাদের ঈশ্বর যিহোবা, তুমিই গৌরব ও সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমিই সমস্ত কিছু সৃষ্টি করেছ।—প্রকা. ৪:১১.
সুসমাচার জানানোর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে, আমরা যিহোবা ঈশ্বর এবং তাঁর পবিত্র নামকে খুবই ভালোবাসি। প্রচার করার মাধ্যমে আমরা দেখাই যে, আমরা যিহোবাকে ভালোবাসি আর তাঁর নামের প্রশংসা করতে চাই। (প্রকা. ৪:১১) আমরা এই বিষয়টা স্বীকার করি যে, যিহোবা তাঁর উপাসকদের কাছ থেকে গৌরব, সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য। যখন আমরা লোকদের এই প্রমাণ দিই যে, ঈশ্বর ‘সমস্ত কিছু সৃষ্টি করেছেন’ এবং তাঁর কারণেই আমরা অস্তিত্বে এসেছি, তখন আমরা যিহোবার গৌরব ও সমাদর করি। যখন আমরা আমাদের সময়, শক্তি ও টাকাপয়সা প্রচার কাজে ব্যয় করি এবং যতটা সম্ভব প্রচার করি, তখন আমরা আমাদের ক্ষমতা দিয়ে তাঁর সেবা করি। (মথি ৬:৩৩; লূক ১৩:২৪; কল. ৩:২৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা আমাদের পিতা যিহোবাকে খুব ভালোবাসি আর সেইজন্য অন্যদের তাঁর বিষয়ে বলতে আমাদের খুব ভালো লাগে। আমরা লোকদের এও জানাই যে, ঈশ্বরের নাম কী এবং তিনি কেমন। প্রহরীদুর্গ ২৪.০৫ ১৭ অনু. ১১