মীখা
৫ “হে মেয়ে, তোমাকে আক্রমণ করা হচ্ছে,
এখন তুমি নিজের শরীর কাটছ।
আমাদের অবরোধ করা হয়েছে,
তারা একটা লাঠি দিয়ে ইজরায়েলের বিচারকের গালে আঘাত করে।
২ আর তুমি, হে বেথলেহেম ইফ্রাথা,
তুমি, যে যিহূদার অনেক নগরের* মধ্যে খুবই নগণ্য,
তোমার মধ্য থেকে এমন একজন বের হয়ে আসবেন, যাঁকে আমি ইজরায়েলের শাসক করে তুলব,
যাঁর উৎপত্তি অনেক আগে, প্রাচীন সময়ে হয়েছিল।
৩ তাই, ঈশ্বর নিজের লোকদের ততক্ষণ পর্যন্ত পরিত্যাগ করবেন,
যতক্ষণ না যে সন্তানের জন্ম দিচ্ছে, সে জন্ম দেয়।
আর সেই শাসকের অবশিষ্ট ভাইয়েরা ইজরায়েলের লোকদের কাছে ফিরে আসবে।
৪ তিনি উঠে দাঁড়াবেন এবং যিহোবার শক্তিতে,
তাঁর ঈশ্বর যিহোবার মহৎ নামে পালের যত্ন নেবেন।
আর তারা নিরাপদে বাস করবে
কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছোবে।
৫ আর তিনি শান্তি নিয়ে আসবেন।
যদি সেই অশূরীয় কখনো আমাদের দেশকে আক্রমণ করে এবং আমাদের দৃঢ় দুর্গগুলো মাড়ায়,
তা হলে আমরা তার বিরুদ্ধে মানুষদের মধ্য থেকে সাত জন পালককে, হ্যাঁ, আট জন অধ্যক্ষকে* উৎপন্ন করব।
৬ তারা তলোয়ার দিয়ে অশূর দেশের বিরুদ্ধে লড়াই করবে
এবং নিম্রোদের দেশের সীমানা পর্যন্ত যাবে।
সেই অশূরীয় যখন আমাদের দেশকে আক্রমণ করবে এবং আমাদের এলাকা মাড়াবে,
তখন সেই শাসক আমাদেরকে তার হাত থেকে উদ্ধার করবেন।
৭ অনেক জাতির মধ্যে যাকোবের অবশিষ্ট লোকেরা এমন হবে,
যেন তারা যিহোবার কাছ থেকে আসা শিশির,
গাছপালার উপর নেমে আসা বৃষ্টি,
যেগুলো মানুষের উপর আশা রাখে না
কিংবা মানুষের জন্য অপেক্ষা করে না।
৮ দেশগুলোর মাঝে, অনেক জাতির মাঝে
যাকোবের অবশিষ্ট লোকেরা এমন হবে,
যেন বনের পশুদের মাঝে থাকা সিংহ,
মেষের পালের মাঝে থাকা যুবসিংহ,
যেটা তাদের মধ্য দিয়ে যায় আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়
আর তাদের উদ্ধার করার মতো কেউ থাকে না।
৯ তুমি তোমার বিরোধীদের পরাজিত করে তোমার হাত তুলবে
আর তোমার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যাবে।”
১০ যিহোবা ঘোষণা করেন:
“সেই দিন আমি তোমার মধ্য থেকে তোমার ঘোড়াগুলো বিনষ্ট করে দেব আর তোমার রথগুলো ধ্বংস করে দেব।
১১ আমি তোমার দেশের নগরগুলো ধ্বংস করে দেব
এবং তোমার সমস্ত দৃঢ় দুর্গ ভেঙে ফেলব।
১২ তুমি যে-মায়াবিদ্যা চর্চা কর, আমি সেটাকে শেষ করে দেব
আর তোমার মধ্যে এমন কেউ বেঁচে থাকবে না, যে জাদুবিদ্যা চর্চা করে।
১৩ আমি তোমার মধ্য থেকে তোমার খোদাই-করা মূর্তিগুলো এবং তোমার উপাসনার স্তম্ভগুলো ধ্বংস করে দেব,
তুমি আর তোমার হাতের কাজের সামনে মাথা নত করবে না।
১৪ আমি তোমার মধ্য থেকে তোমার উপাসনার খুঁটিগুলো* উপড়ে ফেলব
আর তোমার নগরগুলো ধ্বংস করে দেব।
১৫ যে-জাতিগুলো আমার বাধ্য হয়নি,
তাদের উপর আমি রেগে গিয়ে, প্রচণ্ড রেগে গিয়ে প্রতিশোধ নেব।”