সখরিয়
৯ ঈশ্বরের কাছ থেকে এক বার্তা:
“যিহোবার বার্তা হদ্রক দেশের বিরুদ্ধে,
বিশেষ করে দামেস্কের বিরুদ্ধে।
কারণ যিহোবার চোখ সমস্ত মানুষের উপর
এবং ইজরায়েলের সমস্ত বংশের উপর রয়েছে।
২ এই বার্তা পাশেই অবস্থিত হমাতের বিরুদ্ধে
এবং এই বার্তা সোর ও সীদোনের বিরুদ্ধে, যারা নিজেদের খুব বিজ্ঞ বলে মনে করে।
৩ সোর নিজের জন্য সুরক্ষাকারী ঢালু ঢিবি* তৈরি করেছে।
সে ধুলোর মতো রুপো জড়ো করেছে
এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।
৪ দেখো! যিহোবা তার ধনসম্পদ কেড়ে নেবেন।
তিনি সমুদ্রে তার সেনাবাহিনীকে আঘাত করবেন
আর সে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে।
৫ অস্কিলোন এটা দেখবে এবং আতঙ্কিত হয়ে যাবে,
গাজা প্রচণ্ড কষ্ট পাবে,
ইক্রোণেরও একই অবস্থা হবে কারণ সে যার উপর আশা রাখে, তাকে লজ্জিত করা হবে।
গাজা থেকে একজন রাজা বিনষ্ট হয়ে যাবে
এবং অস্কিলোনে আর কেউ বাস করবে না।
৬ অস্দোদে বিদেশিদের সন্তানেরা বাস করবে
আর আমি পলেষ্টীয়দের অহংকার ভেঙে দেব।
৭ আমি তার মুখ থেকে এমন জিনিসগুলো দূর করে দেব, যেগুলোতে রক্ত লেগে রয়েছে।
আমি তার দাঁত থেকে জঘন্য বিষয়গুলো দূর করে দেব
আর তার অবশিষ্ট লোকেরা আমাদের ঈশ্বরের হয়ে যাবে।
সে যিহূদায় একজন দলপতির মতো হবে
আর ইক্রোণীয়েরা যিবূষীয়দের মতো হবে।
৮ আমি নিজের বাড়ি পাহারা দেওয়ার জন্য বাইরে তাঁবু খাটাব,
যাতে কেউ যাওয়া-আসা করতে না পারে।
কোনো অত্যাচারী আর কখনো সেই জায়গা দিয়ে যাবে না
কারণ আমি নিজের চোখে তা* দেখেছি।
৯ হে সিয়োনের মেয়ে, খুব আনন্দ করো।
হে জেরুসালেমের মেয়ে, আনন্দে চিৎকার করো।
দেখো! তোমার রাজা তোমার কাছে আসছেন।
তিনি ন্যায্য, তিনি পরিত্রাণ নিয়ে আসছেন,*
তিনি নম্র আর তিনি গাধার উপরে,
হ্যাঁ, এক গাধীর শাবকের উপরে চড়ে আসছেন।
১০ আমি ইফ্রয়িমের কাছ থেকে যুদ্ধের রথ
এবং জেরুসালেমের কাছ থেকে ঘোড়া কেড়ে নেব।
যুদ্ধের ধনুক কেড়ে নেওয়া হবে।
আর তিনি জাতিগুলোর কাছে শান্তি ঘোষণা করবেন,
তাঁর শাসন এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত
এবং নদী* থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকবে।
১১ হে মহিলা, যেহেতু আমি তোমার সঙ্গে একটা চুক্তি করেছি এবং সেই চুক্তিটা রক্তের মাধ্যমে কার্যকর করা হয়েছে,
তাই আমি তোমার বন্দিদের শুকনো কুয়ো থেকে বের করে আনব।
১২ হে বন্দিরা, তোমরা যারা আশা করে রয়েছ, তোমরা দুর্গে ফিরে এসো।
আজ আমি তোমাকে বলছি,
‘হে মহিলা, আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ করব।
১৩ কারণ আমি যিহূদাকে আমার ধনুক হিসেবে ব্যবহার করব,
ইফ্রয়িমকে তিরের মতো ধনুকে লাগিয়ে টানব।
হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রিসের ছেলেদের বিরুদ্ধে দাঁড় করাব
আর আমি তোমাকে যোদ্ধার তলোয়ারের মতো করে তুলব।’
১৪ যিহোবা স্পষ্টভাবে দেখিয়ে দেবেন যে, তিনি তাঁর লোকদের সঙ্গে রয়েছেন,
তাঁর তির বিদ্যুতের মতো বের হবে।
নিখিলবিশ্বের প্রভু যিহোবা শিঙা বাজাবেন
আর তিনি দক্ষিণ দিকের ঝোড়ো বাতাসের সঙ্গে এগিয়ে যাবেন।
১৫ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা তাদের পক্ষসমর্থন করবেন,
শত্রুরা ফিঙা দিয়ে পাথর ছুড়ে আক্রমণ করবে, কিন্তু তারা শত্রুদের পরাজিত করবে।
তারা এমনভাবে আনন্দ ও উল্লাস করবে, যেন তারা দ্রাক্ষারস* পান করেছে
আর তারা দ্রাক্ষারসে* পূর্ণ বাটির মতো হবে,
বেদির কোণায় ঢেলে দেওয়া রক্তের মতো হবে।
১৬ সেই দিন তাদের ঈশ্বর যিহোবা তাদেরকে নিজের লোক হিসেবে,
নিজের পাল হিসেবে রক্ষা করবেন।
কারণ তারা তাঁর দেশে মুকুটে লাগানো রত্নের মতো হবে, যেগুলো ঝলমল করছে।
১৭ ঈশ্বর কত ভালো,
তিনি কত মহিমাময়!
শস্য যুবকদের এবং নতুন দ্রাক্ষারস* কুমারীদের শক্তিশালী করবে।”