যিহোবার ক্ষমতাকে মনুষ্য দুর্বলতা উচ্চীকৃত করে
“প্রত্যেকেই ভেবেছিল যে আমি একজন সুখী এবং প্রাণবন্ত পূর্ণ-সময়ের পরিচারক ছিলাম। আমি এমন একজন ব্যক্তি ছিলাম যে সর্বদা অন্যদেরকে তাদের সমস্যায় সাহায্য করতে প্রস্তুত ছিল। কিন্তু, একই সময় আমি অনুভব করেছিলাম যে আমি যেন ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। অশান্তিকর চিন্তা ও মানসিক যন্ত্রণা আমার উপর এক ক্ষতিকর প্রভাব বিস্তার করছিল। আমি লোকেদের থেকে নিজেকে বিচ্ছিন্ন বোধ করতে শুরু করেছিলাম। আমি শুধুমাত্র ঘরেতে, বিছানায় থাকতে চাইতাম। অনেক মাস ধরে, আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম যেন আমার মৃত্যু হয়।”—ভনিসা
উপরে উল্লিখিত ঘটনাটিতে যেমন দেখা যায়, এটি সাধারণভাবে প্রত্যাশিত যে কখনও কখনও যিহোবার সাক্ষীরা এই “শেষ কালে বিষম সময়” বেঁচে থাকার ফল অনুভব করবে। (২ তীমথিয় ৩:১) কিছুজন এমনকি হয়ত হতাশ হয়ে পড়ে। (ফিলিপীয় ২:২৫-২৭) যখন এটি প্রসারিতভাবে থাকে, নৈরাশ্য আমাদের শক্তিকে আমাদের কাছ থেকে হরণ করতে পারে, কারণ বাইবেল জানায়: “সঙ্কটের দিনে যদি অবসন্ন হও, তবে তোমার শক্তি সঙ্কুচিত।” (হিতোপদেশ ২৪:১০) হ্যাঁ, যখন আমরা নিরুৎসাহিত হই, আমাদের শক্তির প্রয়োজন—হয়ত এমনকি এইধরনের, যাকে পৌল “পরাক্রমের উৎকর্ষ” বলে অভিহিত করেছিলেন।—২ করিন্থীয় ৪:৭.
যিহোবা ঈশ্বর অসীম ক্ষমতার উৎস। এটি স্পষ্ট হয় যখন আমরা তাঁর সৃষ্টিকে পরীক্ষা করি। (রোমীয় ১:২০) উদাহরণস্বরূপ, সূর্যের বিষয়ে চিন্তা করুন। পৃথিবী সূর্য থেকে আগত প্রায় ২,৪০০ খরাব অশ্বশক্তি সম্পন্ন দৃঢ়ভাবে স্থাপিত এক প্রবাহকে রোধ করে। তবুও, এই সংখ্যাটি কেবল সূর্য দ্বারা উৎপন্নকৃত ২০০ কোটি অশ্বশক্তির একটি অংশ মাত্রকে প্রতিনিধিত্ব করে। আর সূর্য সুপারজায়েন্ট নামে পরিচিত নক্ষত্রগুলির তুলনায় প্রকৃতই ছোট। এগুলির মধ্যে রিগেল, কালপুরুষ নক্ষত্রপুঞ্জের একটি নক্ষত্র যেটি আমাদের সূর্যের চেয়ে ৫০ গুণ বড় এবং ১,৫০,০০০ গুণ বেশি শক্তি নির্গত করে থাকে!
এইধরনের স্বর্গীয় শক্তির উৎস অবশ্যই স্বয়ং ‘সামর্থ্যের আধিক্যের’ অধিকারী হবেন। (যিশাইয় ৪০:২৬; গীতসংহিতা ৮:৩, ৪) বাস্তবিকই, ভাববাদী যিশাইয় উল্লেখ করেছিলেন যে যিহোবা “ক্লান্ত হন না, শ্রান্ত হন না।” আর ঈশ্বর তাঁর শক্তি এমন যে কোন ব্যক্তির সাথে বন্টন করতে ইচ্ছুক যে মনে করে মনুষ্য দুর্বলতার কারণে পরিশ্রান্ত হয়ে পড়েছে। (যিশাইয় ৪০:২৮, ২৯) তিনি এটি কিভাবে করে থাকেন তা খ্রীষ্টীয় প্রেরিত পৌলের ক্ষেত্রে বর্ণিত হয়েছে।
পরীক্ষাগুলির সাথে মোকাবিলা করা
পৌল করিন্থীয়দের একটি প্রতিবন্ধক সম্বন্ধে বলেছিলেন, যেটি তাকে সহ্য করতে হয়েছিল। তিনি এটিকে “মাংসে একটা কন্টক” বলে উল্লেখ করেছিলেন। (২ করিন্থীয় ১২:৭) এই “কন্টক” হয়ত এক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, সম্ভবত দুর্বল দৃষ্টিশক্তি হতে পারে। (গালাতীয় ৪:১৫; ৬:১১) অথবা হতে পারে পৌল হয়ত মিথ্যা প্রেরিতদের এবং অন্যান্য বিক্ষোভ সৃষ্টিকারীদের সম্বন্ধে উল্লেখ করছিলেন যারা তার প্রেরিতপদ ও কাজের প্রতি প্রতিদ্বন্দ্বিতা জানিয়েছিল। (২ করিন্থীয় ১১:৫, ৬, ১২-১৫; গালাতীয় ১:৬-৯; ৫:১২) এটি যাই হয়ে থাক না কেন এই “মাংসে . . . কন্টক” পৌলকে গভীরভাবে হতাশ করেছিল এবং তিনি বারংবার প্রার্থনা করেছিলেন যেন এটিকে অপসারিত করা হয়।—২ করিন্থীয় ১২:৮.
কিন্তু, যিহোবা পৌলের অনুরোধ অনুমোদন করেননি। পরিবর্তে, তিনি পৌলকে বলেছিলেন: “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট।” (২ করিন্থীয় ১২:৯) এর দ্বারা যিহোবা কী বুঝিয়েছিলেন? যখন আমরা খ্রীষ্টানদের তাড়না করা সম্বন্ধে পৌলের অতীত জীবনধারার বিষয়ে বিবেচনা করি, এটি কেবলমাত্র এক অযাচিত করুণা ছিল যার দ্বারা তিনি অন্ততঃ ঈশ্বরের সাথে এক সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন—অধিকন্তু এক প্রেরিত হিসাবে পরিচর্যা করা!a (তুলনা করুন সখরিয় ২:৮; প্রকাশিত বাক্য ১৬:৫, ৬.) যিহোবা হয়ত পৌলকে এটি বলছিলেন যে তার শিষ্যপদের সুযোগ “যথেষ্ট” ছিল। এটি জীবনের ব্যক্তিগত সমস্যাগুলির অলৌকিক অপসারণের সাথে যুক্ত ছিল না। বস্তুতপক্ষে, কিছু কষ্ট এমনকি হয়ত অতিরিক্ত সুযোগগুলির ফলস্বরূপ আসতে পারে। (২ করিন্থীয় ১১:২৪-২৭; ২ তীমথিয় ৩:১২) যে কোন পরিস্থিতিতেই, পৌলকে সাধারণভাবে তার “মাংসে . . . কন্টক” সহ্য করতে হবে।
কিন্তু কোন ভাবেই, যিহোবা পৌলকে নির্মমভাবে পরিত্যাগ করছিলেন না। বরঞ্চ, তিনি তাকে বলেছিলেন: “আমার শক্তি দুর্ব্বলতায় সিদ্ধি পায়।” (২ করিন্থীয় ১২:৯) হ্যাঁ, যিহোবা প্রেমপূর্ণভাবে পৌলকে তার পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য শক্তি যোগাবেন। তাই, পৌলের “মাংসে . . . কন্টক” একটি শিক্ষামূলক বিষয়ে পরিণত হয়েছিল। এটি তাকে তার নিজের চেয়ে যিহোবার শক্তির উপর নির্ভর করতে শিখিয়েছিল। পৌল স্পষ্টতই এই শিক্ষামূলক বিষয়টি উত্তমভাবে শিখেছিলেন, কারণ কিছু বছর পরে তিনি ফিলিপীয়দের উদ্দেশ্যে লিখেছিলেন: “আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।”—ফিলিপীয় ৪:১১, ১৩.
আপনার সম্বন্ধে কী? আপনি কি কোন প্রকার “মাংসে . . . কন্টক” সহ্য করছেন, সম্ভবত কোন অসুস্থতা অথবা জীবনের কোন এক পরিস্থিতি যা আপনার জন্য প্রচণ্ড উদ্বেগের কারণস্বরূপ? যদি তাই হয়, সান্ত্বনা গ্রহণ করুন। যদিও যিহোবা হয়ত অলৌকিকভাবে বাধাগুলিকে অপসৃত করবেন না, কিন্তু তিনি আপনাকে প্রজ্ঞা এবং এর সাথে মোকাবিলা করার জন্য সহিষ্ণুতা দান করতে পারেন যখন আপনি ক্রমাগতভাবে রাজ্যের আগ্রহকে আপনার জীবনে প্রথম স্থানে রাখবেন।—মথি ৬:৩৩.
খ্রীষ্টীয় কার্যধারায় আপনি যতখানি করতে চান, যদি অসুস্থতা বা বর্ধিত বয়স তা সম্পাদন করা থেকে আপনাকে ব্যাহত করে, তাহলে হতাশ হবেন না। আপনার পরীক্ষা যিহোবার প্রতি আপনার পরিচর্যাকে সীমাবদ্ধ করছে এইভাবে দেখার পরিবর্তে এটিকে তাঁর উপর আপনার নির্ভরতা বৃদ্ধি করার এক সুযোগ হিসাবে দেখুন। এটিও স্মরণে রাখুন যে একজন খ্রীষ্টানের মূল্য তার কার্যাবলীর স্তর দ্বারা নয়, তার বিশ্বাস ও প্রেমের গভীরতা দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। (তুলনা করুন মার্ক ১২:৪১-৪৪.) আপনার সমস্ত অন্তঃকরণ দিয়ে যিহোবাকে ভালবাসার অর্থ যে আপনি আপনার নিজস্ব সামর্থ্যের সর্বোত্তম দিয়ে তাঁকে সেবা করেন—অন্য কারও নয়।—মথি ২২:৩৭; গালাতীয় ৬:৪, ৫.
যদি আপনার “মাংসে . . . কন্টক” জীবনের কোন যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে জড়িত করে, যেমন কোন প্রিয় জনের মৃত্যু, বাইবেলের এই পরামর্শটি অনুসরণ করুন: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) সিলভিয়া নামে এক খ্রীষ্টীয় স্ত্রীলোক এটি করেছিলেন। মাত্র কিছু বছরের ব্যবধানে তিনি বিবাহের ৫০ বছর পর তার স্বামীকে এবং পরিবারের আরও অন্যান্য নয় জন সদস্যকে মৃত্যুতে হারান—যার অন্তর্ভুক্ত ছিল অল্পবয়স্ক দুটি নাতি নাতনী। সিলভিয়া বলেন, “যদি যিহোবা না হতেন, আমার শোকের কোন সীমা থাকত না। কিন্তু, আমি প্রার্থনায় প্রচুর সান্ত্বনা খুঁজে পেয়েছিলাম। আমি যিহোবার সাথে অবিরত কথোপকথন করে চলতে থাকি। আমি জানি যে সহ্য করার জন্য তিনি আমাকে শক্তি দেন।”
এটি জানা কতই না আশ্বাসজনক যে “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” শোকগ্রস্তদের সহ্য করার শক্তি দিতে পারেন! (২ করিন্থীয় ১:৩; ১ থিষলনীকীয় ৪:১৩) এটি উপলব্ধি করে আমরা এই বিষয়ে পৌলের উপসংহারটি বুঝতে পারি। তিনি লিখেছিলেন: “খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্ব্বলতা, অপমান, অনাটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্ব্বল, তখনই বলবান্।”—২ করিন্থীয় ১২:১০.
অসিদ্ধতার সাথে মোকাবিলা করা
আমরা সকলেই আমাদের প্রথম মানব পিতামাতা থেকে উত্তরাধিকারসূত্রে পাপ অর্জন করেছি। (রোমীয় ৫:১২) ফলস্বরূপ, আমরা পতিত মাংসের ইচ্ছার বিরুদ্ধে এক সংগ্রামে রত আছি। এটি আবিষ্কার করা কতই না নিরুৎসাহজনক হতে পারে যে ‘পুরাতন মনুষ্যের’ বৈশিষ্ট্যগুলির আমরা যা ভেবেছিলাম আমাদের উপর তার চাইতে অনেক বেশি শক্তিশালী প্রভাব থাকতে পারে! (ইফিষীয় ৪:২২-২৪) এইরকম সময়ে আমরা হয়ত এমন অনুভব করতে পারি যেমন প্রেরিত পৌল করেছিলেন, যিনি লিখেছিলেন: “বস্তুতঃ আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। কিন্তু আমার অঙ্গপ্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি; তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গপ্রত্যঙ্গে আছে, আমাকে তাহার বন্দি দাস করে।”—রোমীয় ৭:২২, ২৩.
এখানেও, আমরা নিজেদের যিহোবার কাছ থেকে প্রাপ্ত শক্তির জন্য প্রাপ্তিসাধ্য করতে পারি। যখন একটি ব্যক্তিগত দুর্বলতার সাথে সংগ্রাম করছেন, প্রার্থনায় তার প্রতি ফেরা থেকে কখনও বিরত হবেন না, আন্তরিকভাবে তাঁর কাছে ক্ষমা চান যতবারই আপনাকে সেই একই সমস্যার জন্য তাঁর সমীপবর্তী হতে হোক না কেন। তাঁর অযাচিত করুণার কারণে যিহোবা, যিনি “হৃদয় সকল তৌল করেন” এবং যিনি আপনার আন্তরিকতার গভীরতা দেখতে পান, আপনাকে এক শুদ্ধ বিবেক দেবেন। (হিতোপদেশ ২১:২) তাঁর পবিত্র আত্মার মাধ্যমে যিহোবা আপনাকে মাংসিক দুর্বলতাগুলির বিরুদ্ধে যুদ্ধ করে চলার জন্য শক্তি যোগাবেন।—লূক ১১:১৩.
আমাদের তখনও যিহোবার কাছ থেকে শক্তির প্রয়োজন আছে যখন আমরা অন্যদের অসিদ্ধতাগুলির সাথে মোকাবিলা করি। উদাহরণস্বরূপ, এক সহবিশ্বাসী হয়ত আমাদের সাথে “অবিবেচনার কথা বলে, খড়্গাঘাতের মত।” (হিতোপদেশ ১২:১৮) এটি আমাদের গভীরভাবে আঘাত করতে পারে, বিশেষতঃ এটি যদি এমন একজনের কাছ থেকে এসে থাকে যার সম্বন্ধে আমরা মনে করি যার নিজের আচরণ প্রশ্নের অবকাশ রাখে। আমরা হয়ত ভীষণভাবে বিক্ষুব্ধ হই। কেউ কেউ এমনকি এইধরনের অসন্তোষকে যিহোবাকে পরিত্যাগ করার ন্যায্য কারণ হিসাবে ব্যবহার করেছে—যা সবচেয়ে বড় ভুল!
যাইহোক, এক ভারসাম্যপূর্ণ মনোভাব আমাদের অন্যদের দুর্বলতাগুলিকে এক উপযুক্ত দৃষ্টিতে দেখতে সাহায্য করবে। আমরা অসিদ্ধ মানুষের কাছ থেকে সিদ্ধতা আশা করতে পারি না। জ্ঞানী ব্যক্তি শলোমন আমাদের স্মরণ করিয়ে দেন, “পাপ না করে এমন কোন মনুষ্য নাই।” (১ রাজাবলি ৮:৪৬) আর্থার, একজন অভিষিক্ত খ্রীষ্টান যিনি প্রায় সাত দশক ধরে নিষ্ঠার সাথে যিহোবার সেবা করেছিলেন, তিনি বলেছিলেন: “সহদাসেদের দুর্বলতা আমাদের জন্য বিশ্বস্ততা প্রদর্শনের এক ক্ষেত্র সৃষ্টি করে, আমাদের খ্রীষ্টীয় তেজস্বীতা পরীক্ষা করে। যদি মানুষেরা কী বলে এবং করে সেটিকে আমরা আমাদের যিহোবার সেবায় হস্তক্ষেপ করতে অনুমতি দিই, তাহলে আমরা মানুষের সেবা করছি। এছাড়া আমাদের ভাইয়েরা অবশ্যই যিহোবাকেও ভালবাসে। আমরা যদি তাদের ভাল দিকগুলির প্রতি দৃষ্টি দিই, তাহলে আমরা শীঘ্রই দেখতে পাব যে তারা খুব একটা খারাপ নয়।”
প্রচার করার ক্ষমতা
স্বর্গারোহণ করার পূর্বে যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।”—প্রেরিত ১:৮.
যীশুর বাক্যের সত্যতাস্বরূপ, এই কাজ এখন পৃথিবীর চতুর্দিকে যিহোবার সাক্ষীদের দ্বারা ২৩৩টি দেশে পরিচালিত হচ্ছে। সমষ্টিগতভাবে, তারা প্রত্যেক বছর অন্যদের যিহোবা বিষয়ক জ্ঞান সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য ১০০ কোটিরও বেশি ঘন্টা ব্যয় করে থাকে। এই কাজটি সম্পাদন করা সর্বদা সহজ হয় না। কিছু দেশে রাজ্য প্রচারের কাজ নিষিদ্ধ অথবা সীমাবদ্ধ। এই বিষয়টিও বিবেচনা করুন যে, যারা এই কাজটি করছে—দুর্বল, অসিদ্ধ মনুষ্য, তাদের প্রত্যেকের নিজস্ব সমস্যা ও উদ্বেগগুলি রয়েছে। তবুও কাজটি ক্রমাগত হয়ে চলেছে এবং ফলস্বরূপ, গত তিন বছরে, দশ লক্ষেরও বেশি ব্যক্তিরা তাদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করেছে এবং জলে বাপ্তিস্ম গ্রহণের দ্বারা তাদের উৎসর্গীকরণকে চিত্রিত করেছে। (মথি ২৮:১৮-২০) সত্যই, এই কাজটি কেবলমাত্র ঈশ্বরের শক্তিতেই সম্পন্ন হচ্ছে। যিহোবা তাঁর ভাববাদী সখরিয়ের দ্বারা বলেছিলেন: “‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা।’”—সখরিয় ৪:৬.
যদি আপনি সুসমাচারের একজন প্রকাশক হন, আপনারও একটি অংশ আছে—আর তা এই মহান সম্পাদনে—আপাতদৃষ্টিতে কতখানি ছোট সেটি কোন বিষয় নয়। আপনাকে যত বেশি ‘কন্টকই’ সহ্য করতে হোক না কেন আপনি আশ্বস্ত হতে পারেন যে যিহোবা “তোমাদের কার্য্য, এবং . . . তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম” ভুলে যাবেন না। (ইব্রীয় ৬:১০) সুতরাং সহায়তা লাভের জন্য ক্রমাগতভাবে সমস্ত গতিশীল শক্তির উৎসের উপর নির্ভর করুন। মনে রাখুন, এটি শুধুমাত্র যিহোবার শক্তি যার দ্বারা আমরা সহ্য করতে পারি; তাঁর ক্ষমতা আমাদের দুর্বলতায় সিদ্ধ হয়ে থাকে।
[পাদটীকাগুলো]
a অবশ্যই, যেহেতু “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে” এটি স্পষ্টতই ঈশ্বরের করুণা যে, যে কোন মনুষ্য অন্ততঃপক্ষে তাঁর সাথে এক সম্পর্ক স্থাপন করতে পারে।—রোমীয় ৩:২৩.
[২৬ পৃষ্ঠার চিত্র]
কেবলমাত্র যিহোবার শক্তির দ্বারাই প্রচার কাজ সম্পন্ন হয়ে থাকে